প্রাথমিক শিক্ষক বদলি ও পদায়নে ৪ স্তরের কমিটি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গতিশীল করতে ৪ স্তরের

2026-06-22T18:37:01+00:00
2026-06-22T18:37:01+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
জাতীয়
প্রাথমিক শিক্ষক বদলি ও পদায়নে ৪ স্তরের কমিটি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৬:৩৭ পিএম 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রতীকী ছবি
সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গতিশীল করতে ৪ স্তরের কমিটি গঠন করেছে সরকার। আবেদন যাচাই-বাছাই, পর্যালোচনা ও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই কমিটিগুলো কাজ করবে।

রোববার (২১ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখা থেকে উপসচিব রাজীব কুমার সরকারের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

জাতীয় পর্যায়ে শিক্ষক বদলির আবেদন নিষ্পত্তির জন্য গঠিত এই কমিটির সভাপতি হিসেবে থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব। সদস্য হিসেবে থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়)। 

কমিটি প্রতি মাসে অন্তত একবার সভা করে বদলির আবেদন নিষ্পত্তি করবে এবং অনুমোদনের জন্য বিস্তারিত প্রতিবেদন মন্ত্রী বরাবর পাঠাবে। এই কমিটির অনুমোদন সাপেক্ষে পরিচালক (পলিসি ও অপারেশন) বদলির আদেশ জারি করবেন।

আন্তঃবিভাগ বা আন্তঃসিটি কর্পোরেশনের ক্ষেত্রে শিক্ষক বদলি যাচাই-বাছাইয়ের জন্য গঠিত এই কমিটির সভাপতি করা হয়েছে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারকে। ৫ সদস্যের এই কমিটিতে সদস্য হিসেবে থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষার বিভাগীয় উপপরিচালক এবং সভাপতির মনোনীত দুজন গণ্যমান্য ব্যক্তি। সদস্য-সচিব থাকবেন প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক। প্রতি মাসে অন্তত একটি সভা করে কমিটি প্রতিবেদন অধিদপ্তরে পাঠাবে এবং কমিটির অনুমোদন সাপেক্ষে বিভাগীয় উপপরিচালক বদলির আদেশ জারি করবেন।


জেলা পর্যায়ে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদায়ন এবং কর্মরতদের বদলি নিষ্পত্তির জন্য জেলা প্রশাসককে (ডিসি) সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে। জেলা শিক্ষা অফিসার ও সভাপতি মনোনীত দুজন গণ্যমান্য ব্যক্তি এতে সদস্য হিসেবে থাকবেন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন। এই কমিটির অন্যতম প্রধান কাজ হবে লটারির মাধ্যমে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের উপজেলাভিত্তিক পদায়ন নিশ্চিত করা। জেলা কমিটির অনুমোদন সাপেক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বদলির আদেশ জারি করবেন।

উপজেলা পর্যায়ে বদলি আবেদন নিষ্পত্তির জন্য উপজেলা বা থানা নির্বাহী অফিসারকে (ইউএনও) সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সভাপতি মনোনীত দুজন গণ্যমান্য ব্যক্তি সদস্য এবং উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার সদস্য-সচিব হিসেবে থাকবেন। একই উপজেলা বা থানার মধ্যে শিক্ষকদের বদলির আবেদন এই কমিটির অনুমোদন সাপেক্ষে উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার জারি করবেন।

প্রজ্ঞাপনে চার স্তরের সব কমিটির জন্য একটি সাধারণ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, যেসব বিদ্যালয়ে শিক্ষকরা এর আগে ‘প্রতিস্থাপন সাপেক্ষে’ বদলির আদেশ পেয়েছেন, সেসব বিদ্যালয়ে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষকদের পদায়ন নিশ্চিত করতে হবে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   প্রাথমিক শিক্ষক  বদলি  পদায়ন  কমিটি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: