ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের চোখে লিওনেল মেসিই বিশ্বের সেরা ফুটবলার। তার মতে, গত ১৬ বছর ধরে যেভাবে মেসি নিজের অসাধারণ নৈপুণ্য ও সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন, তাতে তার শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই।
চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই হ্যাটট্রিকের দেখা পেয়েছেন মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। এই ম্যাচে তিন গোল করার মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার (১৬ গোল) পাশে বসেছেন মেসি।
আলজেরিয়ার বিপক্ষে মেসির এমন বিধ্বংসী পারফরম্যান্সে মোটেও অবাক হননি ফরাসি অধিনায়ক এমবাপ্পে। তিনি বলেন, “এটা স্পষ্ট যে মেসিই বিশ্বের সেরা, এরপর আছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৬ বছর ধরে মেসি তার অসাধারণ প্রতিভা দেখিয়ে আসছেন। তাই তার শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো বির্তক থাকতে পারে না।”
২৭ বছর বয়সী এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড আরও বলেন, “আমি আগেই জানতাম মেসি গোল করা অব্যাহত রাখবেন। সবসময়ই তিনি এটাই করে আসছেন। মাঠের লড়াইয়ে মেসি আমার চেয়ে এগিয়ে আছেন এবং আমি তার পেছনে আছি।”
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে আছেন এমবাপ্পে নিজেই। জার্মানির গার্ড মুলারের সমান ১৪টি গোল আছে তাঁর নামের পাশে। চলতি বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৩-১ গোলের জয় পায় ফ্রান্স, যেখানে জোড়া গোল করেন এমবাপ্পে।
নিজের পারফরম্যান্স নিয়ে ফরাসি তারকা বলেন, “আমি শুধু সেটাই করার চেষ্টা করছি যা আমি করতে জানি। সবচেয়ে বড় মঞ্চে নিজের প্রতিভা দেখাতে চাই এবং জাতীয় দলকে সাহায্য করতে চাই। গোল করার ধারা বজায় রাখলে টুর্নামেন্টে অনেক দূর যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমার মূল লক্ষ্য বিশ্বকাপ জয়।”
এদিকে আজ মধ্যরাতে ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘আই’-এর ম্যাচে ইরাকের বিপক্ষে মাঠে নামছে ফ্রান্স। এই ম্যাচটি এমবাপ্পের ক্যারিয়ারের শততম (১০০) আন্তর্জাতিক ম্যাচ। মাইলফলকের সামনে দাঁড়িয়ে ফরাসি অধিনায়ক বলেন, “১০০টি ম্যাচ খেলা একটি ঐতিহাসিক অর্জন, বিশেষ করে সেটি যদি হয় বিশ্বকাপের মঞ্চে। জাতীয় দলের চেয়ে বড় আর কিছুই নেই। এটি আমার জন্য বিশেষ একটি ম্যাচ হতে চলেছে। তবে আমাদের মূল লক্ষ্য ম্যাচটি জিতে নকআউট পর্ব নিশ্চিত করা।”
২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিলেন এমবাপ্পে। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও ব্যাক-টু-ব্যাক শিরোপার হাতছানি ছিল তার সামনে। তবে ফাইনালে এই মেসির আর্জেন্টিনার কাছেই টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ফরাসিদের।
সময়ের আলো/জেডি