চট্টগ্রামের লোহাগাড়ায় দ্রুতগামী দুই বাসের সংঘর্ষে এক বাসযাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল ৮টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের পুঁলিশ ফাঁড়ি সংলগ্ন ইঞ্জিনিয়ার টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাসযাত্রী সুমাইয়া জান্নাত (১৯) চট্টগ্রাম মহিলা কলেজের স্নাতক ১ম বর্ষের ছাত্রী ছিলেন। তিনি বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আরবশাহ ঘোনাপাড়ার মাওলানা আরিফুর রহমানের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী যাত্রীবাহী পূরবী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে দ্রুতগতির কক্সবাজার মুখী ইম্পেরিয়াল পরিবহনের এসি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পূরবী বাসের যাত্রী সুমাইয়া জান্নাত মাথায় গুরুতর আঘাত পান। পূরবী পরিবহনের সুপারভাইজার তাকে উদ্ধার করে লোহাগাড়া ট্রমা সেন্টারে নিয়ে যায়। ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমাইয়া চকরিয়া থেকে চট্টগ্রামে তার কলেজে যাচ্ছিলেন বলে জানা গেছে। লোহাগাড়া ট্রমা সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইমন সিরাজ বলেন, সকালে দুর্ঘটনায় আহত একজনকে আনা হয়েছিল। তার মাথায় গুরুতর জখম ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুস ছাত্তার বলেন, ঘটনাস্থল থেকে আহত বাসযাত্রী ও বাস দুইটি উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই