রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ প্যারাগুয়ের জনপ্রিয় ধারাভাষ্যকার

সময়ের আলো ডেস্ক

খেলা

২০২৬ বিশ্বকাপে সরাসরি সম্প্রচারে রেফারি ও ফিফা সভাপতিকে তীব্র ভাষায় আক্রমণ করে বড় শাস্তির মুখে পড়েছেন প্যারাগুয়ের জনপ্রিয় ফুটবল ধারাভাষ্যকার

2026-06-23T23:25:26+00:00
2026-06-23T23:25:26+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
খেলা
রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ প্যারাগুয়ের জনপ্রিয় ধারাভাষ্যকার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:২৫ পিএম 
সংগৃহীত ছবি
২০২৬ বিশ্বকাপে সরাসরি সম্প্রচারে রেফারি ও ফিফা সভাপতিকে তীব্র ভাষায় আক্রমণ করে বড় শাস্তির মুখে পড়েছেন প্যারাগুয়ের জনপ্রিয় ফুটবল ধারাভাষ্যকার হোর্হে ‘চিপি’ ভেরা। ম্যাচ চলাকালীন রেফারিকে ‘চোর’ আখ্যা দেওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে টুর্নামেন্টের বাকি অংশের জন্য তার অ্যাক্রেডিটেশন বাতিল করেছে ফিফা।

বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-তে তুরস্কের মুখোমুখি হয়েছিল প্যারাগুয়ে। মাতিয়াস গালারসার একমাত্র গোলে প্যারাগুয়ে ১-০ ব্যবধানে জয় পেলেও প্রথমার্ধের যোগ করা সময়ে বড় ধাক্কা খায় দলটি। প্রতিপক্ষের এক ফুটবলারের সঙ্গে মুখ ঢেকে কথা বলার কারণে প্যারাগুয়ের তারকা মিডফিল্ডার মিগেল আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি ইভান বার্টন সিসনেরোস।

চলতি বছরের শুরুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও বেনফিকার ম্যাচের এক বর্ণবাদী বিতর্ককে কেন্দ্র করে ফিফা মুখ ঢেকে কথা বলার ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করে। সেই নিয়ম ভাঙায় আলমিরনকে মাঠ ছাড়তে হয় এবং পুরো দ্বিতীয়ার্ধ ১০ জন নিয়ে খেলতে হয় প্যারাগুয়েকে।


রেফারির এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারেননি প্যারাগুয়ের ‘এবিসি নেটওয়ার্ক’-এর ধারাভাষ্যকার হোর্হে ভেরা। লাইভ সম্প্রচার চলাকালেই তিনি রেফারি ও ফিফা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘চোর, চোর বার্টন! তোমরা ফুটবলকে মেরে ফেলেছ। ফিফা, তোমরা ফুটবলকে ধ্বংস করেছ। ইনফান্তিনো (ফিফা সভাপতি), এর জন্য তুমিই দায়ী। তোমার লজ্জা পাওয়া উচিত।’ 

এমন বিতর্কিত মন্তব্যের পর বিশ্বজুড়ে সমালোচনা শুরু হলে নিজের ভুল বুঝতে পেরে ফিফার কাছে লিখিতভাবে দুঃখ প্রকাশ করেন হোর্হে ভেরা। তবে তাতেও ফিফার মন গলেনি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি কঠোর অবস্থান নিয়ে তার গণমাধ্যম অ্যাক্রেডিটেশন বাতিল করে।

এক বিবৃতিতে নিজের শাস্তি নিশ্চিত করে ভেরা বলেন, ‘ফিফা এই বিশ্বকাপের জন্য আমার অ্যাক্রেডিটেশন বাতিল করেছে। আমি কোনো অজুহাত দেব না। রেফারি বা নিয়মের সঙ্গে দ্বিমত থাকা মানেই নিয়ন্ত্রণ হারানোর যৌক্তিকতা তৈরি করে না। আমি যা বলেছি তা ভুল ছিল এবং এর দায় সম্পূর্ণ আমার।’ 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   রেফারি  বিশ্বকাপ  নিষিদ্ধ  ধারাভাষ্যকার 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: