ময়মনসিংহে পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক চার আসামিকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২৪ জুন) দিন-রাত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে র্যাব-১৪ সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে নগরীর ময়মনসিংহ সরকারী কলেজের সামনে অভিযান চালিয়ে কোতোয়ালী থানার মাদক মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সোহেলকে (৪৬) গ্রেফতার করা হয়। সে নগরীর আকুয়া ভাঙ্গাপুল এলাকার আ. হালিমের ছেলে।
বিকেলে সদর ইউনিয়নের উজান বাড়েরা এলাকায় অভিযান চালিয়ে জেলার মুক্তাগাছা থানার মাদক মামলার আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মিলন ওরফে ময়না মিয়াকে (৪২) গ্রেফতার করেছে র্যাব। সে ময়মনসিংহ নগরীর
খাগডহর এলাকার মো. আব্দুল জব্বার মিয়ার ছেলে।
সন্ধ্যায় ময়মনসিংহ সদর ইউনিয়নের মধ্য বাড়েরা পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালী থানার মাদক মামলার আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সোহেলকে (৩০) গ্রেফতার করা হয়। সে নগরীর বাঘমারা মেডিকেল গেইট এলাকার মৃত. আব্বাস আলীর ছেলে।
রাতে অপর এক অভিযানে সদর ইউনিয়নের মধ্য বাড়েরা মান্নান সড়ক এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় কোতোয়ালী থানার মাদক মামলার আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সাজ্জাদকে (২৫) গ্রেফতার করতে সক্ষম
হয়। সে নগরীর পাটগুদাম রেলওয়ে কোয়াটার এলাকার মো. আব্দুল খালেকের ছেলে।
গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেফতারকৃত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
সময়ের আলো/আতা