মাঠের পারফরম্যান্সে চরম ব্যর্থতার মধ্যে রয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা চার ম্যাচ হেরে বিদায়ের মুখে দাঁড়িয়ে থাকা দলটির ড্রেসিংরুমের পরিবেশ নিয়েও এবার তৈরি হয়েছে বিতর্ক। প্রতিবেদনে দাবি করা হয়েছে, দলের ক্রিকেটার আলিয়া রিয়াজের কক্ষে অবস্থান করছেন তার স্বামী। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তান নারী দলের অধিনায়ক ফাতিমা সানা। দলের শৃঙ্খলা ও পরিবেশের ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগও নাকি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার লিডসে অস্ট্রেলিয়ার কাছে হারের পরে পাকিস্তানের পরাজয়ের সংখ্যা দাঁড়ায় চারটি। এর আগে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও কোনও ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। ফলে আয়ারল্যান্ড সফর শুরুর পর থেকে এখন পর্যন্ত একটি ম্যাচেও জয়ের মুখ দেখেনি পাকিস্তান।
খেলোয়াড় নির্বাচন নিয়ে দলটির মেন্টর ও প্রধান কোচ ওয়াহাব রিয়াজ এবং অধিনায়ক ফাতিমা সানার মধ্যে বড় ধরনের মতবিরোধ তৈরি হয়। বাংলাদেশ ম্যাচের আগে সিনিয়র ক্রিকেটার আলিয়া রিয়াজের স্বামী আলি ইউনুসকে আলিয়ার ঘর থেকে সরিয়ে দিতে বলেন ফাতিমা সানা।
এছাড়াও বাংলাদেশ ম্যাচের আগের দিন দলীয় অনুশীলন থাকা সত্ত্বেও ঘুরতে চলে গিয়েছিলেন আলিয়া রিয়াজ ও তার স্বামী। পরে একাদশ নির্বাচনের সময় ফাতিমা সানা আলিয়াকে বাদ দিতে চাইলেও ওয়াহাব রিয়াজ বাধা দেন। বাংলাদেশের কাছে হারের পরে অধিনায়ক সানা নাকি প্রকাশ্যেই ওয়াহাব রিয়াজকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, দলের শৃঙ্খলা রক্ষার বিষয়টি যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
এদিকে, দলের ভিতরে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে এবং কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে কোচিং স্টাফের সম্পর্কের অবনতিও ঘটে বলে প্রতিবেদনে উঠে এসেছে। ম্যাচের সময়ে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারেননি ক্রিকেটাররা।
পাকিস্তান ক্রিকেটে এমন পরিস্থিতি নতুন নয়। ২০২৩ ও ২০২৪ সালের আইসিসি বিশ্বকাপেও পুরুষ দলের ব্যর্থতার সময় ড্রেসিংরুমে অশান্তির খবর প্রকাশিত হয়েছিল।
সময়ের আলো/কেএইচও