নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে পৃথক অভিযানে ৭২ হাজার ইয়াবসহ আটক ২

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তসহ পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময়

2026-06-26T19:41:49+00:00
2026-06-26T19:41:49+00:00
 
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ২৬ জুন ২০২৬
সারাদেশ
নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্তে পৃথক অভিযানে ৭২ হাজার ইয়াবসহ আটক ২
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৭:৪১ পিএম 
দুই মাদক কারবারিকে আটক। ছবি : সময়ের আলো
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তসহ পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে এবং পরিত্যক্ত অবস্থায় মোট ৭২ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, ১৫ লিটার বাংলা মদ, একটি ইজিবাইক ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (২৬ জুন) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় গত ২৫ জুন রাত সাড়ে ৯টার দিকে রেজুখাল চেকপোস্ট এলাকায়। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট থেকে প্রায় ৫০ গজ উত্তরে একটি সেতুর পাশে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে প্যান্টের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুই হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।


আটকরা হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা মো. আসমত (২০) এবং টেকনাফের নয়াপাড়া এফডিএমএন ক্যাম্প-২৬-এর বাসিন্দা আজিজুর রহমান (২০)।

একই দিন ভোর ৬টা ৪০ মিনিটে গর্জনবুনিয়া বিওপির টহলদল সীমান্ত পিলার-৪০ সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে জলিয়ার গুঁতা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫ লিটার বাংলা মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করে।

এর কিছুক্ষণ পর সকাল ৭টার দিকে রেজুপাড়া বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার-৪৩ সংলগ্ন হেডম্যানপাড়া আমবাগান এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, আটক দুই আসামিকে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মালিকবিহীন উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় মাদক নির্মূলে আমাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ এবং বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।

সময়ের আলো/জোই



  বিষয়:   নাইক্ষ্যংছড়ি  ঘুমধুম সীমান্ত  অভিযান  ইয়াব  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: