মাদারীপুরে সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছে হাজারও মানুষ

মাহবুবর রহমান বাদল

সারাদেশ

একটি সেতু না থাকায় মাদারীপুর জেলার ২০ থেকে ২৫ হাজার মানুষ যাতায়াতের ক্ষেত্রে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।সরেজমিনে দেখা গেছে,

2026-06-28T14:21:15+00:00
2026-06-28T14:21:15+00:00
 
  রবিবার, ২৮ জুন ২০২৬,
১৪ আষাঢ় ১৪৩৩
রবিবার, ২৮ জুন ২০২৬
সারাদেশ
মাদারীপুরে সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছে হাজারও মানুষ
মাহবুবর রহমান বাদল
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ২:২১ পিএম 
রোজ ৪-৫ হাজার মানুষ এই পথে যাতায়াত করে থাকেন। ছবি : সময়ের আলো
একটি সেতু না থাকায় মাদারীপুর জেলার ২০ থেকে ২৫ হাজার মানুষ যাতায়াতের ক্ষেত্রে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, মাদারীপুর শহরের লঞ্চঘাট থেকে আড়িয়াল খাঁ নদের ওপারে মহিষের চর ইউনিয়ন তথা তাল্লুক গ্রামসহ ওই এলাকার ৪টি গ্রামের মানুষ ট্রলার দিয়ে প্রতিদিন মাদারীপুর শহরে যাতায়াত করেন। রাত ১২টার পরে ট্রলার চলাচল বন্ধ হয়ে যায়। নদ দিয়ে ট্রলারে যাতায়াত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ঝড় বৃষ্টির দিনে এবং রাতের বেলায় যাতায়াত করা কঠিন হয়ে ওঠে। 

এ ব্যাপারে গত ১ যুগ ধরে মানববন্ধন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ এবং কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েও প্রতিকার পাওয়া যায়নি। ফলে, কৃষি পণ্য পরিবহন, স্কুল কলেজে যাতায়াত এবং জরুরি চিকিৎসার জন্য একমাত্র ইঞ্জিন চালিত ট্রলারই তাদের ভরসা।


খোঁজ নিয়ে আরও জানা যায়, একসময় এই নদ দিয়ে মাদারীপুর থেকে ঢাকা পর্যন্ত লঞ্চ চলাচল করত। কিন্তু আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে এই রুটের লঞ্চ যাতায়াত অনেক আগেই বন্ধ হয়ে গেছে। মাদারীপুর লঞ্চ ঘাটের নদের ওপারে যেই গ্রামগুলো রয়েছে, সেখানকার বেশিরভাগ মানুষই কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। ফসল বেচাকেনার জন্য তাদের নদ পার হয়ে শহরে আসতে হয়। এ ছাড়া, ওই এলাকার মানুষের চিকিৎসার জন্য হাসপাতালে আসতেও চরম বেগ পেতে হয়।  বড় কোনো বিপদ হলে সঙ্গে সঙ্গে পান না দ্রুত চিকিৎসাসেবা।

তাল্লুক গ্রামের জয়নাল বেপারী বলেন, ‘এখানে সেতু নির্মাণ করা হলে, মানুষের জীবনমান উন্নত হবে। তাই যত দ্রুত সম্ভব একটি সেতু নির্মাণের জোর দাবি জানাই।’


তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মো. হাসান জানায়, স্কুল খোলা থাকলে এই পথে যাতায়াত করি। কিন্তু ঠিকমতো ট্রলার ঘাটে থাকে না। তাই মাঝে মধ্যে স্কুলে যেতে দেরি হয়। তা ছাড়া বর্ষার সময় নৌকায় পার হতে ভয় লাগে।

মাদারীপুর লঞ্চঘাটের স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মো. শাহীন জানান, সেতুটি নির্মাণের ব্যাপারে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলি মিয়াকে অবগত করলে- তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে সেতু নির্মাণ করা হবে বলে স্থানীয় বাসিন্দাদের আশ্বাস দিয়েছেন। 

এ ব্যাপারে মাদারীপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনিয়া জানান, সার্বিক বিবেচনায় লঞ্চঘাট এলাকায় সেতু নির্মাণ পরিকল্পনার কার্যক্রম চলমান আছে। আশা করছি, প্রকল্পটি পাস হলে খুব শীঘ্রই পরবর্তী ধাপ বাস্তবায়ন করে সেতুটি নির্মাণ করা সম্ভব হবে।

সময়ের আলো/মহু





  বিষয়:   মাদারীপুর  সেতু  দুর্ভোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: