মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ নির্দেশনা জারি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার এর সত্যতা নিশ্চিত করেন।
তাহমিনা আক্তার জানান, গত ২৪ জুন অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি কমানো, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
নির্দেশনায় বলা হয়, জরুরি প্রয়োজন হলে শিক্ষার্থীরা শিক্ষকদের মোবাইল ব্যবহার করতে পারবে। এ ছাড়া, কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে অভিভাবকদের বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
ওই চিঠির অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।
সময়ের আলো/মহু