২০২৬-২৭ অর্থবছরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত বাজেট ১ টাকায় নামিয়ে আনার ছাঁটাই প্রস্তাব দিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা।
মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবি ভোটের জন্য উপস্থাপনের সময় তারা এ প্রস্তাব উত্থাপন করেন।
ছাঁটাই প্রস্তাবের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকায় নামিয়ে আনা হলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস পরিচালনা সম্ভব হবে না। এতে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের পতাকা নামিয়ে দূতাবাস বন্ধ করতে হবে এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য দেওয়া সেবাও বন্ধ হয়ে যাবে।’
তিনি বলেন, ‘এ অবস্থায় বাংলাদেশ জাতিসংঘের সদস্য হিসেবে বার্ষিক চাঁদা পরিশোধ করতে পারবে না। ফলে দেশের সদস্যপদ স্থগিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান পরিবর্তনশীল ও ভূরাজনৈতিকভাবে জটিল বিশ্বব্যবস্থায় একটি রাষ্ট্রের উন্নয়ন ও নিরাপত্তা অনেকাংশেই সক্রিয় ও দূরদর্শী কূটনৈতিক তৎপরতার ওপর নির্ভরশীল।’
সময়ের আলো/কেএইচও