ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো অভিযোগ করেছেন, সাম্প্রতিক ভয়াবহ জোড়া ভূমিকম্পে এক হাজার ৭০০ জনের বেশি মানুষের মৃত্যুর পর দেশে ফিরে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চাইলেও সরকার তার প্রত্যাবর্তনের পথে বাধা সৃষ্টি করছে।
সোমবার (২৯ জুন) পানামা থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন। ভিডিও বার্তায় মাচাদো বলেন, এই হৃদয়বিদারক সময়ে তিনি ভেনেজুয়েলার মানুষের পাশে থাকতে দেশে ফিরতে চান। তার অভিযোগ, তাকে দেশে প্রবেশ করতে না দিতে সরকার ভেনেজুয়েলার বাণিজ্যিক আকাশসীমা বন্ধ করে দেয়।
মাচাদো আরও বলেন, সরকার শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে। তবে যারা তার দেশে ফেরা সহজ করতে চেয়েছেন, তাদের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
গত ডিসেম্বর থেকে নির্বাসনে রয়েছেন মাচাদো। পরে তিনি নরওয়ের রাজধানী অসলোতে গিয়ে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করেন।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানী কারাকাসের সেবাদানকারী মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। তবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য বিমানবন্দরটি আংশিকভাবে পুনরায় চালু করা হয়েছে। এছাড়া মধ্যাঞ্চলের ভ্যালেন্সিয়া এবং পূর্বাঞ্চলের মারাকাইবো বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে।
সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আটকের ছয় মাস পর জোড়া ভূমিকম্পের এ ঘটনা ঘটে। বর্তমানে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। ওয়াশিংটনের চাপের মধ্যেই তিনি সরকার পরিচালনা করছেন।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মাচাদোর নেতৃত্বাধীন বিরোধী জোট তাদের প্রার্থী এদমুন্দো গঞ্জালেস উরুতিয়ার বিজয়ের দাবি করেছিল। তবে জালিয়াতির অভিযোগ উপেক্ষা করে মাদুরো নিজেকে পুনর্নির্বাচিত ঘোষণা করেন।
গত মে মাসে পানামা থেকে মাচাদো ঘোষণা দেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সঙ্গে গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ।
তবে এ বিষয়ে রড্রিগেজ প্রশাসন তার দাবির কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সময়ের আলো/আরবিএন