যুক্তরাষ্ট্রের সামনে বসনিয়া চ্যালেঞ্জ

মাহবুবুর রহমান

খেলা

বিশ্বকাপের আসল লড়াই তো সবে শুরু হয়েছে। জিতলে টিকে থাকা, হারলেই বাড়ি ফেরার টিকেট। যুক্তরাষ্ট্রের হিসাবটা একটু আলাদা। তাদের তো

2026-07-01T02:02:17+00:00
2026-07-01T02:02:17+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
খেলা
যুক্তরাষ্ট্রের সামনে বসনিয়া চ্যালেঞ্জ
মাহবুবুর রহমান
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ২:০২ এএম 
রাউন্ড ৩২-এ বসনিয়ার ম্যাচের আগে গ্রেট পার্ক স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলনে ব্যস্ত যুক্তরাষ্ট্র।ছবি : সংগৃহীত
বিশ্বকাপের আসল লড়াই তো সবে শুরু হয়েছে। জিতলে টিকে থাকা, হারলেই বাড়ি ফেরার টিকেট। যুক্তরাষ্ট্রের হিসাবটা একটু আলাদা। তাদের তো বাড়ি ফেরার টিকেট কাটার কোনো সুযোগ নেই, বিশ্বকাপই তো বসেছে তাদের ঘরের মাঠে! ক্রীড়াঙ্গনে প্রচলিত একটি কথা আছে, বিশ্বকাপ যাদের মাঠে অনুষ্ঠিত হয়, তাদেরকে একটু সুবিধাই দেওয়া হয়।

কারণ স্বাগতিকদের আগাম বিদায় টুর্নামেন্টের দর্শক আগ্রহ ও বাণিজ্যিক দিকেও কিছুটা প্রভাব ফেলতে পারে। তাই তো র‌্যাঙ্কিংয়ের সেরা ১২ দলের মাঝে না থেকেও ঠিকই পট-১-এ জায়গা করে নিয়েছিল এবং ডি গ্রুপে অবস্থান করেছিল সেরা দল হিসেবে, যেখানে একটি দলও র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এর মাঝে অবস্থান করতে পারেনি।

সেই সুবিধা কাজে লাগিয়ে শুধু গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে পা রাখেনি, প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সেরা ৩য় স্থানের সুবিধা কাজে লাগিয়ে রাউন্ড অব থার্টি টুতে ওঠা বসনিয়া ও হার্জেগোভিনাকে। আগামী ২ জুলাই সান ফ্রান্সিসকোতে দুটি দল মাঠে নামবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। হয়তো টুর্নামেন্টে বাকি দলের বিবেচনায় তাদের শিরোপা জয়ের সম্ভাবনা কম, কিন্তু সেই ‘কম’ সম্ভাবনাকেই যতটা বাড়িয়ে নেওয়া যায়, হয়তো সেই লক্ষ্যই থাকবে তাদের।

লড়াইটা শুধু শেষ ১৬-তে পৌঁছে যাওয়ার জন্যই নয়। যুক্তরাষ্ট্রের জন্য এই ম্যাচটি প্রতিশোধেরও বটে। বসনিয়ার ২০ বছর বয়সি উইঙ্গার এজমির বাইরাকতারেভিচের জন্ম আমেরিকায়, সেখানে বেড়ে ওঠেন তিনি। বয়সভিত্তিক দলে খেলার পর আমেরিকার হয়েও মাঠে নামেন। দেশের জার্সি গায়ে একটি ম্যাচও খেলেছিলেন। 


অথচ ২০২৪ সালে তিনি জন্মভূমি বাদ দিয়ে বেছে নেন বসনিয়াকে! পারিবারিক ঐতিহ্যের টানেই নাকি এই সিদ্ধান্ত নেন। বসনিয়ার বিপক্ষে মাঠে নামার আগে এই কথাটা নিশ্চিতভাবেই মনে রাখবেন আমেরিকার খেলোয়াড়রা। বসনিয়াকে বিদায় করে এই উইঙ্গারের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে দেওয়াও লক্ষ্য থাকবে মাউরিসিও পচেত্তিনোর দলের।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬১ নম্বরে থাকা বসনিয়ার বিপক্ষে ফেবারিটের তকমা গায়ে লাগিয়েই মাঠে নামবে র‌্যাঙ্কিংয়ের ১৫ নম্বরে উঠে আসা যুক্তরাষ্ট্র। মুখোমুখি লড়াইয়ে কখনোই বসনিয়ার বিপক্ষে হারেনি স্বাগতিকরা। বিশ্বকাপ মঞ্চে এর আগে দেখা না হলেও অন্যান্য প্রতিযোগিতা মিলে ৩ বারের দেখায় দুবার জয় আমেরিকার, অন্য ম্যাচটি হয়েছে ড্র। তাদের মাঝে শেষ দেখা হয়েছিল ২০২১ সালে, সেই ম্যাচে ১-০ গোলে জয় তুলে নিয়েছিল ইউএসএ। নতুন কোনো ইতিহাস নয়, বরং পুরোনো রেকর্ড যেন আরেক ধাপ এগিয়ে যায়, প্রত্যাশা থাকবে সেটাই।

১৯৩০ সালে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপের প্রথম আসর। সেবার আর্জেন্টিনার কাছে ৬-১ গোলের লজ্জা পাওয়ার আগে টানা দুই ম্যাচ জিতেছিল ইউএসএ। এরপর আর কখনোই বিশ্বকাপ মঞ্চে টানা দুই ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। এবারের বিশ্বকাপে শুধু টানা দুটি ম্যাচেই জয় তুলে নেয়নি, পাশাপাশি প্যারাগুয়েকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা। যা দেশটির বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় জয়।

যেহেতু খেলা হবে নকআউট পর্বে, তাই ভুল করার কোনো সুযোগ নেই কারও জন্যই। এমন বড় ম্যাচকে সামনে রেখে আমেরিকার জন্য সবচেয়ে বড় স্বস্তি হচ্ছে, দলের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ান পুলিসিচ ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন। গ্রুপ পর্বে শেষ ম্যাচে তুরস্কের বিপক্ষেও মাঠে ছিলেন কিছু সময়। তার প্রত্যাবর্তনে তাই নতুন কৌশলে একাদশ সাজাতে পারবেন কোচ মাউরিসিও পচেত্তিনো। 

এদিকে বসনিয়াও আত্মবিশ্বাসী কম নয়, তারা তো বাছাই পর্বে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে হারিয়েই মূল পর্বের টিকেট কেটেছিল। এবার চোখ থাকবে নকআউটে প্রথম জয় তুলে নেওয়ার। দলের মূল তারকা এডিন জেকোর ওপর নির্ভর করবে অনেক কিছু। তাকে নিয়ে একটি মজার ইতিহাস রয়েছে। বসনিয়া স্বাধীনতা লাভ করে ১৯৯২ সালে, দলের অধিনায়কের বয়স ৪০ বছর। অর্থাৎ দেশের চেয়েও ৬ বছরের বড় তিনি। এটাই তার শেষ বিশ্বকাপ। বসনিয়ার হয়ে সর্বোচ্চ গোল করা জেকো চাইবেন নিজের শেষ বিশ্বকাপ যতটা সম্ভব রাঙিয়ে রাখতে। 


চলতি বিশ্বকাপে উচ্চতার দিক থেকে সবচেয়ে এগিয়ে বসনিয়া। তাদের খেলোয়াড়দের গড় উচ্চতা হচ্ছে ছয় ফুট এক ইঞ্চি। তাদের একজন ডিফেন্ডারের উচ্চতা ছয় ফুট সাত ইঞ্চি। এতে একটা বিষয় পরিষ্কার, উচ্চতার সুবিধা কাজে লাগিয়েই স্বাগতিক আমেরিকাকে হারিয়ে দিতে চাইবে তারা। 

বসনিয়া ও হার্জেগোভিনার প্রধান কোচ সার্গেই বারবারেজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে দলের রাউন্ড অব ৩২ ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী। বারবারেজ বলেন, ‘আমরা কোনো অনুমান করতে চাই না... আমি বলতে পারি, এটি আমাদের জন্য একটি বাড়তি পাওয়া। আমরা খুবই স্বস্তি নিয়ে মাঠে নামব এবং যেকোনো দলের বিপক্ষেই লড়াই করার চেষ্টা করব। যেকোনো প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার মতো যথেষ্ট আত্মবিশ্বাস আমাদের আছে।’

ইউএসএ কোচ তো জানিয়ে দিয়েছেন, এই দলের জন্য তিনি জীবন দিতেও প্রস্তুত। যদিও বসনিয়ার বিপক্ষে জীবন দিতে হবে না, শুধু প্রতিপক্ষের চেয়ে একটি গোল বেশি দিতে হবে, তবেই না কেটে ফেলবেন শেষ ১৬-র টিকেট!

সময়ের আলো/এসএকে


  বিষয়:   যুক্তরাষ্ট্র  বসনিয়া  চ্যালেঞ্জ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: