দাবদাহের দাপটে ইতালি ও বলকানে শত শত মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রেকর্ডভাঙা তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপের ইতালি ও বলকান অঞ্চল। গরমের দাপটে এসব এলাকায় স্বাভাবিক সময়ের চেয়ে শত শত অতিরিক্ত মানুষের

2026-07-01T02:59:15+00:00
2026-07-01T02:59:15+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
দাবদাহের দাপটে ইতালি ও বলকানে শত শত মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ২:৫৯ এএম 
দাবদাহের সময় একটু ঠান্ডা হওয়ার জন্য কিশোর-কিশোরীরা অ্যাডা লেকে ঝাঁপাঝাঁপি করছে। ছবি : সংগৃহীত
রেকর্ডভাঙা তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপের ইতালি ও বলকান অঞ্চল। গরমের দাপটে এসব এলাকায় স্বাভাবিক সময়ের চেয়ে শত শত অতিরিক্ত মানুষের প্রাণ গেছে। বার্তাসংস্থা রয়টার্স বলছে, এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই চরম আবহাওয়ায় পুরো মহাদেশের জনজীবন বিপর্যস্ত। পাশাপাশি দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে। 

অন্যদিকে আটলান্টিকের অন্য পারে ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার ২৫০তম বার্ষিকী উদযাপনের ঠিক আগের দিনগুলোতে দেশের মধ্য ও পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায় বিপজ্জনক দাবদাহের সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া দফতর। মার্কিন আবহাওয়া দফতর জানিয়েছে, দীর্ঘদিন ধরে দিনে অতিরিক্ত গরম এবং রাতে তাপমাত্রা না কমার কারণে গরমজনিত অসুস্থতার ঝুঁকি বাড়ছে, বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এবং পর্যাপ্ত শীতলীকরণের ব্যবস্থা না থাকা মানুষের জন্য এই পরিস্থিতি বিপজ্জনক হতে পারে।

এদিকে পশ্চিম ইউরোপে জুনের রেকর্ড তাপমাত্রা কিছুটা কমলেও আগামী সপ্তাহে সেখানে গরম আবার বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতালি সরকারের পক্ষ থেকে সোমবার দেশের উত্তরের বোলজানো থেকে শুরু করে দক্ষিণের দ্বীপ সিসিলির পালেরমো পর্যন্ত ২২টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রোম শহরের সরকারি ছুটির দিন ‘সেইন্ট পিটার ও পল উৎসব’ উপলক্ষে ভ্যাটিকানে সমবেত পুণ্যার্থীরা পোপ লিওর ‘অ্যাঞ্জেলাস’ বার্তা শোনার সময় তীব্র গরম থেকে বাঁচতে হাতপাখা ও ছাতা ব্যবহার করেন।

পশ্চিম বলকান অঞ্চলেও দাবানল পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। ক্রোয়েশিয়ার আবহাওয়া দপ্তর সোমবার রাজধানী জাগরেব এবং পর্যটন নগরী স্প্লিট ও দুব্রোভনিকসহ বেশ কয়েকটি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করেছে। সি প্লেট থেকে প্রায় ৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অ্যাড্রিয়াটিক সাগরের ভিস দ্বীপে পাইন বনের দাবানল নিয়ন্ত্রণে ৪টি উড়োজাহাজ ব্যবহার করছেন দমকলকর্মীরা।


প্রতিবেশী সার্বিয়ার রাষ্ট্রীয় হাইড্রোমেটিওরোলজিক্যাল সার্ভিস (আরএইচএমজেড) সোমবার তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সতর্কতা দিয়েছে। এ ছাড়া আলবেনিয়ার ক্লোস গ্রামের কাছে সপ্তাহান্তে ঝোপঝাড় ও জলপাই বাগান গ্রাস করা ১টি দাবানল নিয়ন্ত্রণে এনেছেন দমকলকর্মীরা। ২০ জুন শুরু হওয়া এই দাবদাহ গ্রীষ্মের শুরুতে তাপমাত্রার সব রেকর্ড ভেঙে দিয়েছে। তীব্র এই গরমের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্বাস্থ্য ব্যবস্থার ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।

ফ্রান্সে দাবদাহের কারণে স্বাভাবিকের চেয়ে অন্তত এক হাজার জন অতিরিক্ত মানুষের মৃত্যু হয়েছে। ফরাসি জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মৃতদের বেশিরভাগই বয়োবৃদ্ধ এবং এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। প্যারিস ও এর আশপাশের এলাকার মরদেহ সৎকার কেন্দ্রগুলো ধারণক্ষমতার অতিরিক্ত মৃতদেহ নিয়ে হিমশিম খাচ্ছে বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম। বিজ্ঞানীদের মতে, মানুষের কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তন ছাড়া এই তীব্র দাবদাহ সৃষ্টি প্রায় অসম্ভব ছিল। ২০ বছর আগের তুলনায় বর্তমানে রাতের তাপমাত্রা এমন চরম পর্যায়ে পৌঁছানোর ঝুঁকি এখন ১০০ গুণ বেড়ে গেছে।

ইতালীয় বিমানবাহিনীর আবহাওয়াবিদ দানিয়েলে মোচো জানিয়েছেন, মধ্য ও পূর্ব ইউরোপে এই দাবদাহ আরও কয়েক দিন স্থায়ী হতে পারে, যেখানে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। ইতালির মেটিওরোলজিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট লুকা মেরকাল্লি রয়টার্সকে জানান, ৫ বা ৬ জুলাই থেকে ফ্রান্স, স্পেন, জার্মানি, ইতালি, সুইজারল্যান্ড এবং ব্রিটেনের কিছু অংশে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। তীব্র গরমে বনের আগুনের ঝুঁকি বাড়লেও কিছু কিছু এলাকায় বজ্রঝড় এই ঝুঁকি কিছুটা কমাতে পারে।

দাবদাহের কারণে সপ্তাহান্তে আরও কিছু মৃত্যুর খবর পাওয়া গেছে। সাইপ্রাসে রোববার বিকালে একটি তপ্ত গাড়ির ভেতর থেকে বুলগেরিয়ার ৮ ও ১০ বছর বয়সি ২ জন শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেখানে বর্তমানে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হলেও বছরের এই সময়ে ভূমধ্যসাগরীয় এই দ্বীপে একে দাবদাহ হিসেবে গণ্য করা হয় না। অন্যদিকে পোল্যান্ডের ওয়ারশর কাছে মার্কি এলাকায় ‘পোল্যান্ড বাইক ম্যারাথন’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় ৩০ ও ৭১ বছর বয়সি ২ জন সাইক্লিস্টের মৃত্যু হয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   দাবদাহ  দাপট  ইতালি  বলকান  মৃত্যু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: