ময়মনসিংহে এইচএসসি পরীক্ষার মাত্র চার ঘণ্টা আগে ছয়তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টার দিকে নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তিশা সরকার (১৮) ময়মনসিংহ মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি তারাকান্দা মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। দীর্ঘদিন ধরে তিনি কাচিঝুলী এলাকার ‘নাসা টাওয়ার’ নামে একটি ছাত্রী মেসে থেকে পড়াশোনা করছিলেন।
সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তার আগে ভোরে তিশা ওই ছয়তলা ভবনের ছাদে উঠে নিচে লাফিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় মেসের অন্য শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন বলে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে পরীক্ষার চাপ বা অন্য কোনো কারণ জড়িত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সময়ের আলো/এসএকে