গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও কার্ভাডভ্যান সংঘর্ষের ঘটনায় চালকসহ আহত হয়েছেন ৩ জন। তাদের ভেতর ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২জুলাই) সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- অটোরিকশাচালক আসাদুল ইসলাম(৪০), অটোরিকশার দুই যাত্রী মোগবুল হোসেন(৫৫) ও শাহিন আহমেদ(৩৮)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় খাড়াজোড়া এলাকার তুরাগ সিএনজির পাম্পের সামনে একটি কার্ভাডভ্যান ও কালিয়াকৈর থেকে ছেড়ে আসা দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ২ যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে রেফার করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অটোরিকশা ও কার্ভাডভ্যানটি জব্দ করে হাইওয়ে পুলিশ।
কোনাবাড়ি নাওজোর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বলেন, ‘এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
সময়ের আলো/মহু