বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ চলাকালেই কোচিং স্টাফে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। দলের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করতে বাংলাদেশের সাবেক এই বোলিং কোচ ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশকে স্থায়ী বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ২৩ জুন অনুষ্ঠিত বোর্ড সভায় ওয়ালশকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বুধবার (১ জুলাই) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
এর আগে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে দলের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ওয়ালশ। তার অধীনে দলটি দারুণ সাফল্যও পায়। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি সুপার এইটে জায়গা করে নেয় জিম্বাবুয়ে। একই সঙ্গে নিশ্চিত করে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট।
কোচিং স্টাফের অন্যান্য পদে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন জাস্টিন স্যামন্স। ব্যাটিং কোচ হিসেবে থাকছেন ডিওন ইব্রাহিম। আর লোয়ার-অর্ডার ব্যাটিং ও ফিল্ডিং কোচের দায়িত্বে বহাল রয়েছেন স্টুয়ার্ট মাৎসিকেনিয়ারি। অন্যদিকে, সাবেক অধিনায়ক এল্টন চিগুম্বুরাকে অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে বাংলাদেশ সিরিজে দুর্দান্ত সূচনা করেছে জিম্বাবুয়ে। একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়েছে তারা।
এবার দুই দল মুখোমুখি হবে সীমিত ওভারের ক্রিকেটে। আগামী সোমবার (৬ জুলাই) হারারেতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ ও ১১ জুলাই। এরপর বুলাওয়ায়োতে ১৫, ১৭ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
সময়ের আলো/এসএকে