বান্দরবানের থানচিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে ৩নং থানচি সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শেরকর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম যৌতোয়াং বম (৫৫)। পরে তাকে আইনি প্রক্রিয়ার জন্য থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, বান্দরবান রিজিয়নের আওতাধীন রুমা ও থানচির দুর্গম পাহাড়ি এলাকায় কেএনএফ এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) সশস্ত্র সদস্যরা অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জুন থেকে বিশেষ চিরুনি অভিযান শুরু করে সেনাবাহিনীর একটি আভিযানিক দল। রাঙ্গামাটি জেলার সীমান্তবর্তী রুমা ও থানচির দুর্গম বিভিন্ন অঞ্চলে এই সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়। অভিযান চলাকালে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনাও ঘটে।
এরই ধারাবাহিকতায়, শনিবার সকালে থানচির শেরকর পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ কেএনএফ সদস্য যৌতোয়াং বমকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় যৌথ বাহিনী।
বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার জানান, কেএনএফ সদস্যকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সময়ের আলো/জোই