বিশ্বকাপ শুরুর পর টানা প্রায় এক মাস প্রতিদিন ম্যাচ অনুষ্ঠিত হলেও বুধবার (৮ জুলাই) কোনো খেলা নেই। শেষ ষোলোর পর কোয়ার্টার ফাইনালের আগে দলগুলোকে বিশ্রামের সুযোগ দিতেই এক দিনের বিরতি রেখেছে ফিফা।
বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিটি দলকে ম্যাচের মাঝে ন্যূনতম তিন দিন বিশ্রাম দেওয়ার নিয়ম অনুসরণ করেই এই বিরতি রাখা হয়েছে। ফলে শেষ ষোলোর খেলা শেষ হওয়ার পর বুধবার কোনো ম্যাচ নেই। কোয়ার্টার ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার (১০ জুলাই) রাত ২টায় ফ্রান্স ও মরক্কোর ম্যাচ দিয়ে।
মঙ্গলবার শেষ ষোলোর শেষ দুই ম্যাচে জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। আর্জেন্টিনা ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে মিশরকে ৩-২ গোলে হারায়। অন্যদিকে সুইজারল্যান্ড গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে কলম্বিয়াকে পরাজিত করে শেষ আটে জায়গা করে নেয়।
এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬ : ফ্রান্স বনাম মরক্কো (রাত ২টা)
শনিবার, ১১ জুলাই ২০২৬ : স্পেন বনাম বেলজিয়াম (রাত ১টা)
রোববার, ১২ জুলাই ২০২৬ : নরওয়ে বনাম ইংল্যান্ড (রাত ৩টা)
রোববার, ১২ জুলাই ২০২৬ : আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড (সকাল ৭টা)
সময়ের আলো/কেএইচও