টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলার বন বিভাগের আওতাধীন সব ঝর্ণায় আগামী ১০ জুলাই পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা গেছে, কয়েক দিনের টানা বৃষ্টিতে ঝর্ণাগুলোতে পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ঝর্ণা-সংলগ্ন ছড়া ও পাহাড়ি খালগুলো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় আকস্মিক পাহাড়ি ঢল, প্রবল স্রোতে ভেসে যাওয়া, ঝর্ণার কূপে তলিয়ে যাওয়া এবং পা পিছলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি ভারী বর্ষণের কারণে পাহাড়ধসের ঝুঁকিও বেড়েছে।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছে মীরসরাই উপজেলার বোয়ালিয়া, খৈয়াছড়া, রূপসী ও নাপিত্তাছড়া এবং সীতাকুণ্ড উপজেলার সহস্রধারা, সুপ্তধারা ও ছোট দারোগারহাটসহ বন বিভাগের ইজারাভুক্ত সব ঝর্ণা।
বারৈয়াঢালা রেঞ্জের বন কর্মকর্তা আশরাফ উদ্দিন বলেন, ‘বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে ঝর্ণাগুলোতে ভ্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাহাড়ধস, আকস্মিক পাহাড়ি ঢল এবং জলাবদ্ধতার কারণে যেকোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই দর্শনার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী ১০ জুলাই পর্যন্ত সব ঝর্ণায় প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’
উল্লেখ্য, বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও প্রবল স্রোতের কারণে মীরসরাই-সীতাকুণ্ডের বিভিন্ন ঝর্ণায় অতীতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এ কারণে প্রতিবছর বর্ষাকালে ঝুঁকিপূর্ণ সময়ে ঝর্ণা ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়ে আসছে বন বিভাগ।
সময়ের আলো/মহু