টানা বর্ষণে মনপুরার ১০ গ্রামে জলাবদ্ধতা, পানিবন্দি ১৫ হাজার মানুষ

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

টানা পাঁচ দিনের বর্ষণে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানিতে তলিয়ে

2026-07-09T22:29:35+00:00
2026-07-09T22:29:35+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
টানা বর্ষণে মনপুরার ১০ গ্রামে জলাবদ্ধতা, পানিবন্দি ১৫ হাজার মানুষ
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:২৯ পিএম 
পানিতে তলিয়ে গেছে বসতবাড়ি ও রাস্তাঘাট।ছবি : সময়ের আলো
টানা পাঁচ দিনের বর্ষণে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানিতে তলিয়ে গেছে বসতবাড়ি ও রাস্তাঘাট। এতে উপজেলার পাঁচ ইউনিয়নের ১০ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকেও উপকূলজুড়ে বৃষ্টি অব্যাহত ছিল।

স্থানীয়রা জানান, টানা পাঁচ দিনের বৃষ্টিতে মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। কাজে যেতে না পারায় অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। পানিবন্দি এলাকার অধিকাংশ ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় রান্নাবান্নাও ব্যাহত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডিভিশন-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আসাফউদ্দৌলা জানান, মেঘনায় ভাটার কারণে বর্তমানে নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বিকেলের জোয়ারে পানি বাড়তে পারে।

এদিকে ভোররাতের জোয়ারে বেড়িবাঁধবিহীন চর কলাতলী ইউনিয়নের কাজীরচর ও ঢালচরের নিম্নাঞ্চল ২ থেকে ৩ ফুট পানিতে প্লাবিত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, হাজিরহাট ইউনিয়নের চরযতিন, দাসেরহাট, সোনারচর ও চরজ্ঞান, সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া ও মাস্টারহাট, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর এবং মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক ও আন্দিরপাড় গ্রামের অধিকাংশ এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। অনেক ঘরবাড়ির ভেতরে ২ থেকে ৩ ফুট পানি জমে আছে।


হাজিরহাট ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের দাসেরহাট এলাকায় পরিস্থিতি সবচেয়ে নাজুক। স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগ না থাকলেও সমাজকর্মী ও সংবাদকর্মী মেহেদী হাসান এবং আবদুর রহমান সোয়েবের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পানি নিষ্কাশনের কাজ চলছে।

এছাড়া দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় বিএনপি নেতা সিরাজ পালোয়ানের নেতৃত্বে বাঁধ কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মফিজ মেস্ত্রী বলেন, বৃষ্টি ও জোয়ারের পানিতে এলাকা তলিয়ে গেছে। স্থানীয় জনপ্রতিনিধি বা প্রশাসনের কেউ খোঁজ নেননি। তবে সমাজকর্মী আবদুর রহমান সোয়েব ও মেহেদী হাসানের সহযোগিতায় তারা স্বেচ্ছাশ্রমে পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছেন।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আসাফউদ্দৌলা বলেন, মনপুরা উপকূলে জলাবদ্ধতা নিরসনে খাল খননের একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   ভোলা  মনপুরা  জলাবদ্ধতা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: