চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যার পানির প্রবল স্রোতে একটি কবরস্থান ক্ষতিগ্রস্ত হয়ে তিনটি মরদেহ ভেসে ওঠার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা ধর্মীয় মর্যাদা বজায় রেখে মরদেহগুলো উদ্ধার করে অন্য একটি কবরস্থানে দাফনের উদ্যোগ নেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাজালিয়া আলতাব আলী চৌধুরী জামে মসজিদের কবরস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাঙ্গু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। প্রবল স্রোতে নদীতীর ভাঙতে শুরু করলে কবরস্থানের একাংশ নদীগর্ভে বিলীন হয়। এতে তিনটি মরদেহ কবর থেকে ভেসে ওঠে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো সতর্কতার সঙ্গে উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করেন।
স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ মুরাদ বলেন, পানির তীব্র স্রোতে মরদেহ তিনটি কবর থেকে ভেসে ওঠে। পরে সেগুলো অন্য কবরস্থানে পুনরায় দাফনের ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে সাঙ্গু নদীর ভাঙনে এ কবরস্থান থেকে মরদেহ ভেসে যাওয়ার ঘটনা ঘটে। তবে স্থায়ী সমাধানে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, আজিজ কেরানির বাড়ি থেকে মো. ইলিয়াছের বাড়ি পর্যন্ত নদীতীরে একটি টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হলে কবরস্থানসহ আশপাশের বসতবাড়ি ও কৃষিজমি রক্ষা করা সম্ভব হবে।
এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে সাঙ্গু নদীর ভাঙনে কবরস্থান, বসতঘর ও কৃষিজমি হুমকির মুখে পড়ে। নদীভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
সময়ের আলো/আরবিএন