পাঁচ মিনিটেই বদলে গেল বিশ্বকাপ!

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসি নেই, এমন দৃশ্য কল্পনা করাই কঠিন। মেসি মানে বিশ্বকাপের গল্পে এক অন্য মাত্রা, আর সেই গল্পে

2026-07-10T05:03:05+00:00
2026-07-10T05:03:05+00:00
 
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
খেলা
পাঁচ মিনিটেই বদলে গেল বিশ্বকাপ!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৫:০৩ এএম 
ছবি : সংগৃহীত
বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসি নেই, এমন দৃশ্য কল্পনা করাই কঠিন। মেসি মানে বিশ্বকাপের গল্পে এক অন্য মাত্রা, আর সেই গল্পে তিনি এখনও আছেন, আছেন কোয়ার্টার ফাইনালেও। শেষ ষোলোর নকআউট লড়াইয়ে যখন আর্জেন্টিনার বিদায় প্রায় নিশ্চিত, তখনই ফুটবল ইতিহাসের আরেকটি অবিশ্বাস্য অধ্যায় লিখলেন এই মহাতারকা। মাত্র চার মিনিট ১৯ সেকেন্ড, অর্থাৎ ২৫৯ সেকেন্ডে তিনি বদলে দিলেন পুরো ম্যাচের ভাগ্য।

এক নিখুঁত অ্যাসিস্ট, এক অনিন্দ্যসুন্দর গোল এবং টানা কয়েকটি জাদুকরী মুহূর্তে মিসরের কাছ থেকে ছিনিয়ে আনলেন ম্যাচের নিয়ন্ত্রণ। নিশ্চিত বিদায়ের দুয়ার থেকে বিশ্বচ্যাম্পিয়নদের ফিরিয়ে এনে শেষ পর্যন্ত জয়ের পথও দেখালেন তিনি। আরেকবার প্রমাণ করলেন, বড় মঞ্চে ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার মতো ক্ষমতা এখনও সবচেয়ে বেশি যার, তিনি লিওনেল মেসি।

ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত আর্জেন্টিনার জন্য সবকিছুই ছিল হতাশার। মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে ছিল লিওনেল স্কালোনির দল। এর আগে মেসি নিজেও ছিলেন নিজের ছায়া হয়ে। ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করেছিলেন, একাধিক পাস প্রতিপক্ষ আটকে দিয়েছে, ড্রিবলিংও বারবার থেমে যাচ্ছিল। বয়সের ছাপ যেন স্পষ্টই ধরা পড়ছিল তার খেলায়।

কিন্তু এরপরই বদলে যায় সবকিছু। ৭৯তম মিনিটে কর্নার থেকে ফেরত আসা বল পেয়ে ডান প্রান্তে প্রতিপক্ষ ডিফেন্ডারকে সামান্য জায়গা বানিয়ে নিখুঁত একটি ক্রস তুলে দেন মেসি। ছয় গজ বক্সের সামনে দাঁড়িয়ে থাকা ক্রিস্তিয়ান রোমেরো সহজ হেডে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান। সেই গোলেই ম্যাচে ফেরার আশা খুঁজে পায় আর্জেন্টিনা।

তিন মিনিট পর আবারও নিজের পুরোনো রূপে ধরা দেন আটবারের ব্যালন ডি’অরজয়ী। ডান প্রান্তে বল পেয়ে একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত গতিতে বক্সে ঢুকে প্রায় গোললাইন থেকে নিখুঁত ক্রস বাড়ান লাউতারো মার্টিনেজের উদ্দেশে। লাউতারো সুযোগটি কাজে লাগাতে না পারলেও তখনই স্পষ্ট হয়ে যায়, ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে তুলে নিয়েছেন মেসি।

এর ঠিক এক মিনিট পর আসে সেই মুহূর্ত, যা বদলে দেয় পুরো ম্যাচের ইতিহাস। প্রতিপক্ষের বক্সে বলের গতিপথ আগেভাগেই বুঝে সঠিক জায়গায় চলে যান মেসি। গনসালো মন্তিয়েলের স্পর্শে ভেসে আসা বলটি বাউন্সে উঠতেই বাম পায়ের বাইরের অংশ দিয়ে ভয়ংকর এক ভলিতে জড়িয়ে দেন জালে। এতটাই জোরালো ছিল শটটি, মিসরের গোলরক্ষক মোস্তাফা শোবির ছুঁতে পারলেও থামাতে পারেননি। ২-২ সমতায় ফিরেই নতুন প্রাণ ফিরে পায় আর্জেন্টিনা।

শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে এনজো ফার্নান্দেজ জয়সূচক গোল করে আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুলে নেন। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার কৃতিত্ব পুরোপুরিই মেসির। মাত্র ২৫৯ সেকেন্ডে এক অ্যাসিস্ট, এক গোল এবং একের পর 

এক জাদুকরী মুহূর্ত সৃষ্টি করে তিনি আবারও প্রমাণ করলেন, বড় ম্যাচে তার উপস্থিতিই সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেয়।
মিসর দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত বিদায় নিয়েছে। কিন্তু এই ম্যাচ বহুদিন মনে রাখা হবে লিওনেল মেসির সেই অবিশ্বাস্য পাঁচ মিনিটের জন্য, যেখানে একজন কিংবদন্তি আবারও নিজের অমরত্বের প্রমাণ রেখে গেলেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   পাঁচ  মিনিট  বদল  বিশ্বকাপ  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: