বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সভায় স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জোরদার, দ্রুত জাতীয় কার্যকরী কমিটির সভা আয়োজন, দলের নির্বাচনী

2026-07-12T19:00:15+00:00
2026-07-12T19:01:24+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
রাজনীতি
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৭:০০ পিএম  আপডেট: ১২.০৭.২০২৬ ৭:০১ পিএম
সভায় সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সভায় স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জোরদার, দ্রুত জাতীয় কার্যকরী কমিটির সভা আয়োজন, দলের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন তদারকি এবং সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এর আগে, শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বর্তমান সরকারের বিভিন্ন অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের জন্য ভাতা প্রদানের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে স্থায়ী কমিটি। সভায় বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়। এক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের প্রশংসা করেন স্থায়ী কমিটির সদস্যরা।


সভায় বিরোধী দলগুলোর জুলাই সনদ ও গণভোট বিষয়ে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টার নিন্দা জানানো হয়। এ প্রসঙ্গে জনগণের কাছে বিএনপির অবস্থান আরও স্পষ্টভাবে তুলে ধরতে দলীয় প্রচার ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন সামনে রেখে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলীয় ইউনিটগুলোকে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে দ্রুত জাতীয় কার্যকরী কমিটির সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মহাসচিবকে দায়িত্ব দেওয়া হয়।

সভায় ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলও পর্যালোচনা করা হয়। নির্বাচনের ওপর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুতের দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে।

এছাড়া, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দুই দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারত্ব জোরদারে এসব সফর ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত দেন স্থায়ী কমিটির সদস্যরা। সফর সফল হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।


আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় সংঘর্ষ শুরু হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একইসঙ্গে, যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়। সভা মনে করে, এই যুদ্ধের কারণে সমগ্র মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশ সমূহের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়াকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করা হয়। এই বিজয় বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন স্থায়ী কমিটির সদস্যরা। একইসঙ্গে দেশে মাদক সমস্যার বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

বৈঠকে দলীয় কার্যক্রম আরও সক্রিয় করার নির্দেশনা দেওয়া হয়। অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিএনপির সব ইউনিটকে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সভায় দলের সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা এবং সাবেক চিফ হুইপ ও সাবেক মন্ত্রী হারুন-অর-রশীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। পাশাপাশি বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানের শারীরিক সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

সময়ের আলো/মহু


  বিষয়:   বিএনপি  স্থায়ী  কমিটি  বৈঠক  সিদ্ধান্ত  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: