বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়ি উপজেলা থেকে কচ্ছপতলী সংযোগ সড়কের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ধসে পড়েছে। এতে যেকোনো মুহূর্তে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। পাহাড়ের বুক চিরে তৈরি হওয়া সড়কটির এমন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে স্থানীয় বাসিন্দারা চরম উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, অতি দ্রুত সড়কটি সংস্কার করা না হলে রোয়াংছড়ি ও কচ্ছপতলীর সরাসরি যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।
সরেজমিনে দেখা গেছে, সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড় ধসের কারণে সড়কটির একাধিক স্থানে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে এবং কিছু অংশ ইতোমধ্যে ধসে খাদে পড়েছে। যেকোনো মুহূর্তে পুরো সড়কটি ধসে পড়ার মতো চরম ঝুঁকিতে রয়েছে। বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে অত্যন্ত বিপজ্জনকভাবে এই রুটে সীমিত আকারে কিছু যানবাহন চলাচল করছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
রোয়াংছড়ির দেশজুড়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ‘দেবতাখুম’-এ যাওয়ার একমাত্র পথ এই কচ্ছপতলী সড়ক। প্রতিদিন শত শত পর্যটক এই পথ ব্যবহার করেই দেবতাখুমে যাতায়াত করেন। সড়কটির এই ভয়াবহ দশার কারণে একদিকে যেমন পর্যটকদের আগমন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, অন্যদিকে স্থানীয় কৃষিজাত পণ্য পরিবহনে দেখা দিয়েছে চরম স্থবিরতা। ফলস্বরূপ, স্থানীয় পর্যটন শিল্প ও সাধারণ অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
যোগাযোগ ব্যবস্থা সচল ও জনজীবন স্বাভাবিক রাখতে সড়কটির এমন বেহাল দশা নিরসনে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষা মৌসুম পূর্ণাঙ্গ রূপ নেওয়ার আগেই কচ্ছপতলী এলাকাটি যাতে উপজেলা সদর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে না পড়ে, সেজন্য স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগের কাছে জরুরি ভিত্তিতে টেকসই সংস্কার কাজ শুরু করার জোর দাবি জানিয়েছেন তারা।
সময়ের আলো/জোই