খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের উদ্যোগে চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষা শিক্ষা ক্লাবের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২০৩ পদাতিক ব্রিগেড, খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একে এম ওবায়দুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণ, চর্চা এবং নতুন প্রজন্মের মধ্যে ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরিতে এই ভাষা শিক্ষা ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ উদ্যোগ পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশেও ইতিবাচক অবদান রাখবে।’
প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। ছবি : সময়ের আলো
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থী মৌটুসী ত্রিপুরা বলেন, ‘নিজের মাতৃভাষা শেখার এমন সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত। নিয়মিত ক্লাসের মাধ্যমে ভাষাটি আরও ভালোভাবে শিখতে চাই।’
আরেক শিক্ষার্থী আদিত্য চাকমা বলেন, ‘আমাদের মাতৃভাষা শেখার পাশাপাশি নিজেদের সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগও তৈরি হবে। এই ক্লাব আমাদের জন্য খুবই উপকারী।’
শিক্ষার্থীদের অভিভাবক চিংমা মারমা বলেন, ‘এ ধরনের উদ্যোগ আমাদের সন্তানদের নিজস্ব ভাষা ও সংস্কৃতির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করবে। আমরা এ আয়োজনকে স্বাগত জানাই।’
অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার, সেনা রিজিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অভ্যন্তরীণ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।