নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২০ জুলাই) গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। তবে সেখানে দায়িত্বে থাকা অস্থায়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় স্মৃতিস্তম্ভের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ জানিয়েছে, রাত প্রায় ৩টার দিকে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি দূর থেকে একটি কাপড়ের দলায় কেরোসিন বা পেট্রলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে সেটি স্মৃতিস্তম্ভের দিকে ছুড়ে দেয়। এতে স্মৃতিস্তম্ভের পাশের অংশে আগুন লাগে। পরে অস্থায়ী পুলিশ ক্যাম্পে দায়িত্বরত সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
ঘটনার সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি আগুন লাগানোর ভিডিও ধারণ করেন। পরে মঙ্গলবার বিকেলে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, স্মৃতিস্তম্ভের নিরাপত্তায় একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও পাঁচজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী বলেন, আগুন দেওয়ার ঘটনায় স্মৃতিস্তম্ভের কোনো ক্ষতি হয়নি। ঘটনার তদন্তে আশপাশের সড়ক ও এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা এর সহযোগী কোনো সংগঠনের সদস্যদের সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে গত বছরের ১৪ জুলাই নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচজন উপদেষ্টা।
সময়ের আলো/এসএকে