সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি সহায়তার পথ খুলে দিতে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২২ জুলাই) এপি'র (অ্যাসোসিয়েটেড প্রেস) এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন সৌদি আরবের সঙ্গে এমন একটি চুক্তিতে অনুমোদন দিয়েছে, যা দেশটিকে বেসামরিক পারমাণবিক প্রকল্পের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা দিতে পারে।
চুক্তিটি প্রায় ৩০ বছরের জন্য হতে পারে এবং এতে সৌদির পারমাণবিক অবকাঠামো উন্নয়নে মার্কিন কোম্পানিগুলো অংশ নেবে বলে সংশ্লিষ্ট দুই সূত্র নিশ্চিত করেছে।
প্রস্তাবিত এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ গবেষণার ভিত্তিতে দেশটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের সুযোগ তৈরি হতে পারে। তবে চুক্তিটি কার্যকর হওয়ার আগে মার্কিন কংগ্রেসের পর্যালোচনার মুখোমুখি হবে।
পারমাণবিক নিরস্ত্রীকরণ বিশ্লেষকরা সতর্ক করেছেন, সৌদি আরবকে নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিলে মধ্যপ্রাচ্যে নতুন করে পারমাণবিক প্রতিযোগিতা শুরু হতে পারে। একই প্রযুক্তি ভবিষ্যতে সামরিক উদ্দেশ্যেও ব্যবহার করা সম্ভব বলে আশঙ্কা তাদের।
সৌদি আরব আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদস্য হলেও, প্রস্তাবিত চুক্তিতে সংস্থাটির অতিরিক্ত পর্যবেক্ষণ ও কঠোর যাচাই ব্যবস্থার বিষয়টি স্পষ্ট নয় বলে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে সৌদি আরবও একই সক্ষমতা অর্জনের চেষ্টা করবে বলে জানিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীও প্রয়োজনে সৌদি আরবকে তাদের পারমাণবিক সক্ষমতা অর্জনে সহায়তার ইঙ্গিত দিয়েছেন।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মানেই সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরি করা না হলেও ট্রাম্পের এই অনুমোদন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও বৈশ্বিক পারমাণবিক নীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র : এপি
সময়ের আলো/এমকে/