আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শেষবারের মতো পর্তুগালের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে। এরপরই জাতীয় দল থেকে অবসর নেবেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
গোল ডটকমের প্রতিবেদনে ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ আওয়াদের বরাত দিয়ে বলা হয়েছে, পর্তুগালের একজন এজেন্ট জানিয়েছেন-ওয়েলসের বিপক্ষে ম্যাচটিই হবে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।
আওয়াদের তথ্য অনুযায়ী, ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর স্পোর্টিং লিসবনের হোম ভেন্যু হোসে আলভালাদে স্টেডিয়ামে। সেই ম্যাচেই সমর্থকরা শেষবারের মতো পর্তুগালের জার্সিতে রোনালদোকে দেখতে পাবেন।
রোনালদোর বিদায়ের এই খবর মিলেছে পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুসের দায়িত্ব গ্রহণের পর। সম্প্রতি চার বছরের চুক্তিতে জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন তিনি। তবে দায়িত্ব নেওয়ার পরই জেসুস জানিয়েছেন, শুরুতেই দলে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা তার নেই।
ক্যানাল ১১-কে দেওয়া সাক্ষাৎকারে জেসুস বলেন, ‘অনেকে হয়তো ভাবছেন নতুন কোচ এসেই অনেক খেলোয়াড় বদলে দেবেন। তা হবে না। আমি বোকা নই। এ ছাড়া, যারা এবার ডাক পাননি, এমন অনেক খেলোয়াড়কে দলে আনার মতো সময়ও আমার হাতে নেই।’
জেসুসের এই অবস্থানেই রোনালদোর জন্য বিদায়ী ম্যাচ খেলার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করলে রোনালদোর নামের পাশে থাকবে অনন্য সব রেকর্ড। পর্তুগালের হয়ে তিনি খেলেছেন ২৩৩টি ম্যাচ এবং করেছেন ১৪৬টি গোল। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলদাতা-দুই রেকর্ডই তার দখলে।
জাতীয় দলের হয়ে তিনি জিতেছেন ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশনস লিগ শিরোপা।
বর্তমানে ৪১ বছর বয়সী রোনালদোর আল নাসরের সঙ্গে চুক্তি রয়েছে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত। ফলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন তিনি।
রোনালদোর পেশাদার ক্যারিয়ারের আরেকটি বড় লক্ষ্য এখন এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করা। বর্তমানে তার ক্যারিয়ার গোলসংখ্যা ৯৭৬। আন্তর্জাতিক অধ্যায় শেষ হওয়ার পর সেই লক্ষ্য পূরণেই ক্লাব ফুটবলে পুরো মনোযোগ দেবেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।
সময়ের আলো,আরবিএন