ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান রোমান গোফম্যান যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে ইরানের সঙ্গে চলমান সংঘাত এবং দেশটির পরমাণু কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
বুধবার (২২ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসর সাংবাদিক বারাক রাভিদের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে বৈঠকটি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সিআইএ ও মোসাদ।
গত ২ জুন মোসাদের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই গোফম্যানের প্রথম যুক্তরাষ্ট্র সফর। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক আলোচনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান সমন্বয় করাই ছিল এই সফরের প্রধান উদ্দেশ্য।
অ্যাক্সিওসের সূত্রের বরাতে বলা হয়, ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে শুরু থেকেই সন্দিহান ছিলেন সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ। তার আশঙ্কা, চুক্তির বিভিন্ন ধারা ইরান ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে। ফলে সমঝোতা বাস্তবায়ন নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
গত ২ জুন রোমান গোফম্যানকে মোসাদের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তার নিয়োগকে কেন্দ্র করে ইসরায়েলে দীর্ঘ আইনি প্রক্রিয়া চলে।
প্রথমে দেশটির জ্যেষ্ঠ নিয়োগ পরামর্শ কমিটি তার নিয়োগ অনুমোদন দিলেও পরে এ সিদ্ধান্তের বিরুদ্ধে দুটি পৃথক আবেদন করা হয়।
ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারাওও এই নিয়োগের বিরোধিতা করেন। তবে ১ জুন দেশটির হাইকোর্ট সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আবেদনগুলো খারিজ করে দেয়। যদিও বিচারপতি ডাফনা বারাক-এরেজ ভিন্নমত দিয়ে বলেন, নিয়োগ কার্যকর হওয়ার আগে বিষয়টি নিয়ে আরও পর্যালোচনা প্রয়োজন ছিল।
সময়ের আলো/আরবিএন