রাজধানীতে অনুষ্ঠিতব্য আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্টকে ঘিরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আয়োজকদের এমন আচরণে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, কনসার্টসংক্রান্ত তথ্য এবং আতিফ আসলামের উপস্থিতি নিয়ে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হলেও, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা নির্ধারিত সময়ে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সময় নিরাপত্তাকর্মী ও আয়োজকদের বাধার মুখে পড়েন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।
উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, আয়োজকদের আমন্ত্রণেই তারা সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরও তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। তাদের মতে, সংবাদ সংগ্রহে এ ধরনের বাধা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং পেশাগত মর্যাদার প্রতি অবমাননাকর।
এ ঘটনায় বিনোদন সাংবাদিকদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। তারা আয়োজকদের এমন অব্যবস্থাপনাকে দায়িত্বজ্ঞানহীন ও অপেশাদার আচরণ বলে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, এর আগেও আতিফ আসলামের ঢাকা সফর ও কনসার্টকে কেন্দ্র করে তথ্য বিভ্রাট, শেষ মুহূর্তে প্রেস ব্রিফিং বাতিল বা স্থান পরিবর্তনের মতো নানা বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। এসব ঘটনার পুনরাবৃত্তিতে ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকরা আয়োজকদের কাছে ঘটনার স্পষ্ট ব্যাখ্যা এবং জবাবদিহি দাবি করেছেন।
সময়ের আলো/আরবিএন