মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে জর্ডান ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক অভিযানের জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান।
শুক্রবার (২৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং জর্ডানের মুওয়াফফাক সালতি (আল-আজরাক) বিমানঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।
শেখ ইসা ঘাঁটির জ্বালানি, ট্যাংক, সরঞ্জাম গুদাম ও সেনাদের আবাসন এবং জর্ডানের ঘাঁটির বিমান হ্যাঙ্গার, রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও আবাসিক এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়।
ইরানের স্বার্থের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলেও সতর্ক করেছে তারা।
এদিকে ইরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কেশম দ্বীপ, খুজেস্তান প্রদেশের আহভাজসহ কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
ইরানের সামরিক কমান্ড কেন্দ্র, ড্রোন মজুত কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা, উপকূলীয় নজরদারি স্থাপনা ও সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক কমান্ড সেন্টকম।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হুমকি কমাতেই এসব হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী।
মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
সূত্র : আল-জাজিরা
সময়ের আলো/এমকে