প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:৫২ এএম
ছবি : সংগৃহীত প্রবল বাতাস ও ভারী বৃষ্টির মধ্যে তাইওয়ানের পাশ দিয়ে বয়ে গেছে টাইফুন চ্যাম্পি। ঝড়ের আঘাতে একজন নিহত ও ৫২৭ জন আহত হয়েছেন। উপড়ে গেছে গাছপালা, বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। দুর্বল হয়ে ঝড়টি এখন চীনের উপকূলের দিকে উত্তরে এগোচ্ছে।
চলতি বছরের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম শক্তিশালী ঝড় হিসেবে পরিচিত চ্যাম্পি একপর্যায়ে সুপার টাইফুনে পরিণত হয়েছিল। তবে বর্তমানে এটি দুর্বল হয়ে এসেছে। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের (সিডব্লিউএ) তথ্য অনুযায়ী, ঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১২৬ কিলোমিটার।
সিডব্লিউএ জানায়, শনিবার স্থানীয় সময় ভোরে তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূল ঘেঁষে যাওয়ার পর ঝড়টি দ্বীপটির প্রায় ১৫০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। পূর্বাভাস অনুযায়ী, এটি এখন উত্তরে চীনের উপকূলের দিকে মোড় নিচ্ছে। পরে দক্ষিণ জাপানের দিকে অগ্রসর হতে পারে।
তাইওয়ানের ফায়ার সার্ভিস জানিয়েছে, লিউচিউ দ্বীপে ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে এক ব্যক্তি মারা গেছেন। ঝড়ের কারণে আহত হয়েছেন ৫২৭ জন।
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান তাইপাওয়ার জানায়, একপর্যায়ে ১ লাখ ৬৭ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে অধিকাংশ বাড়িতে সংযোগ পুনরায় চালু করা হয়েছে।
পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঝড়ের কারণে শনিবার ২৪২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে শুক্রবার পরিস্থিতি আরও খারাপ ছিল; সেদিন প্রায় এক হাজার ফ্লাইট বাতিল হয়েছিল।
রাজধানী তাইপেইয়ে গাছ উপড়ে পড়ার পাশাপাশি থেমে থেমে দমকা হাওয়া ও বৃষ্টি হয়েছে। ঝড়ের প্রভাবে রাজধানীসহ উত্তর ও মধ্য তাইওয়ানের বিভিন্ন এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
টাইফুন মোকাবিলায় তাইওয়ানের প্রস্তুতি সাধারণত ভালো হওয়ায় প্রাণহানির সংখ্যা তুলনামূলক কম থাকে। গ্রীষ্মকালে এ ধরনের ঝড় বেশি দেখা গেলেও শরৎকালেও আঘাত হানতে পারে।
সময়ের আলো/জেডি