চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলে রিমন দাশ গুপ্তের (৪২) ছুরিকাঘাতে তার মা ও বাবার মৃত্যু হয়েছে। জানা যায়, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্থানীয় স্বপন দাশ গুপ্ত (৬৫) এবং তার স্ত্রী কল্পনা দাশ (৫৫)।
পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাদকাসক্ত থাকার কারণে রিমনকে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রেও ভর্তি করা হয়েছিল। শনিবার সকালে মা-বাবার সঙ্গে বাইরে যাওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে বাড়িতে ফেরেন তারা। কিছুক্ষণ পর রিমন ধারালো অস্ত্র দিয়ে প্রথমে তার মাকে এলোপাথাড়ি আঘাত করেন। স্ত্রীকে রক্ষা করতে গেলে বাবা স্বপন দাশও ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
নিহতের স্বজন তিথি দাশ জানান, আশপাশের লোকজনকে খবর দিতে গেলে ফিরে এসে তারা কল্পনা দাশকে মৃত অবস্থায় দেখতে পান। গুরুতর আহত স্বপন দাশকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতিকালে তার মৃত্যু হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রিমন দাশ গুপ্তকে নিজ বাড়ি থেকে আটক করে। ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয় এবং হাসপাতালে অপরজনের মৃত্যুর খবর পাওয়া যায়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সময়ের আলো/মহু