রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে জটিলতা কাটাতে প্রয়োজনীয় আইনি শর্ত এখনো পূরণ করতে পারেনি তুরস্ক। ফলে দেশটিকে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে পুনরায় অন্তর্ভুক্ত করা সম্ভব নয় বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।
কংগ্রেসম্যান ওয়েসলি বেলের চিঠির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে পাঠানো এক চিঠিতে পররাষ্ট্র দফতর জানায়, রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে বর্জন এবং মার্কিন আইন পুরোপুরি মেনে না চলা পর্যন্ত আঙ্কারার কাছে কোনো এফ-৩৫ যুদ্ধবিমান হস্তান্তর করা হবে না।
তবে একই চিঠিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, আজারবাইজান-আর্মেনিয়া সংঘাত এবং গাজা সংকট নিরসনে তুরস্কের কূটনৈতিক ভূমিকার প্রশংসা করা হয়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে আঙ্কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও উল্লেখ করা হয়।
অন্যদিকে, হামাসের সঙ্গে তুরস্কের আর্থিক সম্পর্ক এবং দেশটিতে অবৈধ অর্থ লেনদেনের নেটওয়ার্ক নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ এখনো দূর হয়নি বলে সতর্ক করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।
একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও ন্যাটো সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি এস-৪০০ সংকট সমাধানে তুরস্কের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র।
সময়ের আলো/আরবিএন