চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় করা ২০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর নির্মাণাধীন বহুতল ভবনের সামনে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি এবং এক নির্মাণশ্রমিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
রোববার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের বড়দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, প্রায় দেড় মাস আগে একটি অপরিচিত নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। সে সময় তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ওই ঘটনার ধারাবাহিকতায় রোববার সকাল ৯টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ৮ থেকে ৯ জন মুখোশধারী যুবক ওই ভবনের সামনে এসে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় তারা ভবনে কর্মরত এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে লিখিত অভিযোগ জমা দেওয়ার পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ী।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলি ছোড়ার বিষয়টি স্থানীয়দের মুখে শোনা গেলেও এখনও সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
সময়ের আলো/জোই