রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অজ্ঞাতনামা একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্য আরোহী গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাদিঘী এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. কাউসার (১৯) উপজেলার কুন্দলিয়া গ্রামের মো. বাবুর ছেলে। আহত মো. হোসাইন একই গ্রামের আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কাউসার ও হোসাইন মোটরসাইকেলে করে গোদাগাড়ী থেকে রাজাবাড়ী হয়ে নিজ বাড়ি কুন্দলিয়ায় ফিরছিলেন। পথে সোনাদিঘী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলেই কাউসারের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত হোসাইনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গোদাগাড়ী প্রেমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস. এম. মাকছুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ আইনগত প্রক্রিয়া চলছে। পাশাপাশি মহাসড়কে পালিয়ে যাওয়া পিকআপটি শনাক্ত এবং চালককে গ্রেফতারে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু হয়েছে।
সময়ের আলো/জোই