বলিউডের আলোচিত অভিনেতা ইমরান হাশমি। ক্যারিয়ারের শুরুতে রোমান্টিক ও সাহসী চরিত্রে অভিনয় করে বিশেষভাবে পরিচিতি পান তিনি। এই ইমেজ কর্মজীবনের প্রাথমিক পর্যায়ে বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছিলেন ইমরান হাশমি। একটি পুরো প্রজন্মই মেতে ছিল তার অভিনয়ে। তবে পরবর্তী সময়ে তিনি থ্রিলার, অ্যাকশন ও নেতিবাচক চরিত্রসহ নানা বৈচিত্র্যময় অভিনয়ের মাধ্যমে নিজেকে একজন পরিণত ও বহুমুখী অভিনেতা হিসেবে প্রমাণ করেছেন।
তাই এ তারকার দারুণ ভক্ত বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ অভিনেত্রী তাসনুভা তিশা। মনে মনে ইচ্ছা পোষণ করেন রুপালি পর্দায় তার নায়িকা হওয়ার।
সম্প্রতি একটি সেলিব্রিটি শোয়ে অতিথি হয়ে এসেছিলেন তাসনুভা তিশা। সেই অনুষ্ঠানে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অজানা গল্প অকপটে শেয়ার করে নেন তিনি। বলিউডের কোনো নায়কের বিপরীতে কাজ করার স্বপ্ন দেখেন কি না? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী কোনো দ্বিধা ছাড়াই বলেন, ইমরান হাশমির সঙ্গে কাজ করতে চাই। অভিনয়ে যে আবেগ ও প্যাশন তিনি আনেন, তা সত্যি দারুণ। পর্দায় তার মতো করে এত সুন্দরভাবে কেউ ফুটিয়ে তুলতে পারেন না। তাকে খুব সাবলীল দেখায় এবং মনে হয় সবকিছু যেন বাস্তবেই ঘটছে।
তিনি বলেন, পর্দায় রোমান্স এত সুন্দরভাবে অনেকেই ফুটিয়ে তুলতে পারেন না। তাকে খুব সাবলীল দেখায় এবং মনে হয় সবকিছু যেন বাস্তবেই ঘটছে।
তাসনুভা তিশা বলেন, ছোটবেলায় তার ইচ্ছা ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার। তবে তার সেই স্বপ্নের কথা শুনে বাবা প্রায়ই রসিকতা করতেন ‘আর্মির ভারী বন্দুক তো তুমি উঁচুই করতে পারবে না’। অবশ্য সেই আমি ছিলাম খুব ছিপছিপে হালকা ওজনের।
এদিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন তাশনুভা তিশা। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে প্রচারিত হয়েছে তার অভিনীত আট পর্বের সিরিজ ‘ব্রাজেন্টিনা ক্লাব’। বিশ্বকাপ ফুটবল ঘিরে এই সিরিজটি দর্শকমহলে ভালো সাড়া ফেলেছে। প্রশংসিত হয়েছে তিশার অভিনয়। তারিক মুহাম্মাদ হাসান পরিচালিত এই সিরিজে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ফুটবলার জামাল ভূঁইয়া, লামিমা লাম, শরাফ আহমেদ জীবন, সহীদ উন নবী ও ইশতিয়াক আহমেদ রোমেল।
সময়ের আলো/এসএকে