আইভরিকোস্টের তরুণ উইঙ্গার ইয়ান দিয়োমান্দের ফুটবল-জীবনের শুরুটা ছিল সংগ্রামে ভরা। প্রিয় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি আসল জার্সি কেনার সামর্থ্যও ছিল না তার। তাই হাতে লিখেই জার্সিতে বসিয়েছিলেন রোনালদোর নাম ও বিখ্যাত ৭ নম্বর। সেই দিয়োমান্দেকেই এবার রিয়াল মাদ্রিদ দলে ভেড়ানোর দ্বারপ্রান্তে বলে জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
আবিদজানে জন্ম নেওয়া ১৯ বছর বয়সী এই ফুটবলার শৈশব থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন। ফুটবলার হওয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য একপর্যায়ে তাকে একাই নিজ দেশ ছাড়তে হয়। সেই কঠিন সময়ে রোনালদোই ছিলেন তার সবচেয়ে বড় অনুপ্রেরণা।
প্রিয় ফুটবলারের নাম লেখা একটি আসল জার্সি কেনার সুযোগ না থাকায় নিজের সাধারণ জার্সির পেছনে হাতে লিখে নিয়েছিলেন ‘রোনালদো’ এবং ৭ নম্বর। আর এখন রোনালদোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদেই যোগ দেওয়ার খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, চলতি গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় সাইনিং হতে পারেন দিয়োমান্দে। লেগানেসে এক মৌসুম কাটানোর পর আরবি লাইপজিগে আরও একটি সফল মৌসুম উপহার দিয়ে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজরে আসেন এই তরুণ উইঙ্গার। গত মৌসুমে বুন্দেসলিগার অন্যতম সেরা পারফরমারদের একজন ছিলেন তিনি।
রিয়াল মাদ্রিদ দীর্ঘদিন ধরেই দিয়োমান্দেকে নিজেদের পরিকল্পনায় রেখেছিল। তবে গত সপ্তাহে দুই ক্লাবের প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠকের পর আলোচনা আরও গতি পায়। এর আগেই খেলোয়াড়ের ব্যক্তিগত সম্মতি নিশ্চিত করে ফেলেছিল স্প্যানিশ ক্লাবটি।
প্রতিবেদন অনুযায়ী, এই দলবদলের সম্ভাব্য ট্রান্সফার ফি ১১৫ থেকে ১২০ মিলিয়ন ইউরোর মধ্যে হতে পারে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয়নি, সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সেটি ঘোষণা করা হতে পারে।
বিশ্বকাপ চলাকালে দিয়োমান্দের সম্ভাব্য গন্তব্য হিসেবে পিএসজির নাম সবচেয়ে বেশি আলোচনায় ছিল। তবে সেই সময় নীরবে নিজেদের কাজ চালিয়ে যায় রিয়াল মাদ্রিদ। মাইকেল অলিসেকে ঘিরে চলা গুঞ্জনের আড়ালে দিয়োমান্দেকেই মূল লক্ষ্য বানায় লস ব্লাঙ্কোস। চেলসি থেকে মার্ক কুকুরেয়াকে দলে ভেড়ানোর সময় যে কৌশল অনুসরণ করা হয়েছিল, অনেকটা একইভাবে অন্য ক্লাবগুলোর পদক্ষেপের অপেক্ষা না করে সরাসরি ক্লাবের সঙ্গে আলোচনায় বসে তারা।
দিয়োমান্দের বেতনও রিয়াল মাদ্রিদের নির্ধারিত বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলোচনায় বড় কোনো জটিলতা তৈরি হয়নি। এটিও চুক্তি দ্রুত এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
দিয়োমান্দের সম্ভাব্য আগমন রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ দল গঠনের পরিকল্পনাতেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে মাইকেল অলিসেকে নিয়ে যে জল্পনা চলছিল, তা কার্যত শেষ হয়ে গেছে। ক্লাব সূত্র আগেই অলিসেকে নিয়ে আগ্রহের খবর অস্বীকার করেছিল। দিয়োমান্দেকে দলে আনার অগ্রগতি সেই অবস্থানকেই আরও স্পষ্ট করেছে।
সময়ের আলো/আরবিএন