কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। তবে শেষ চারে হরষিত, তানভীর, রিসালাতদের প্রতিপক্ষ কে সেটা নিশ্চিত ছিল না। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ ৩-২ সেটে জিতে সেমিফাইনালে কে প্রতিপক্ষ সেটা নিশ্চিত হয়েছে।
শেষ চারে লাল-সবুজদের প্রতিপক্ষ উজবেকিস্তান। পাকিস্তানের ইসলামাবাদে চলমান এই আসরে আজ দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে। উজবেকিস্তানের বিপক্ষে জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী অধিনায়ক হরষিত বিশ্বাস। পাকিস্তান থেকে সময়ের আলোকে মোবাইল ফোনে এমন তথ্যই জানান। হরষিতের সুরে সুর মেলান বাংলাদেশ ভলিবল ফেডারেশনের অ্যাডহক কমিটির নবনিযুক্ত যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা লিঙ্কনও।
৬ দলের অংশগ্রহণে এবারের কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। দলগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে পরস্পরের মোকাবিলা করছে। প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল উজবেকিস্তান। যাদের বিপক্ষে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে ম্যাচটি জেতে ৩-২ সেটে। সেই দলেরই বিপক্ষে আজ সেমিফাইনালে খেলবে হরষিতরা।
এরপর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়। তবে ম্যাচটি জিততে পারেনি। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ৩-০ সেটে পরাজিত হয়। গ্রুপপর্বের শেষ তিন ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল কাজাখস্তান, নেপাল এবং শ্রীলঙ্কা। মজার ব্যাপার হলো প্রতিটি ম্যাচেই বাংলাদেশ ৩-২ সেটে জিতে শেষ চারে নাম লেখায়। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। প্রথম দুই সেট হেরে বসে হরষিত বাহিনী। দুটি সেটেই তীব্র লড়াই হয়।
২৪-২৬ ও ২৪-২৬ পয়েন্টে সেট জিতে ম্যাচ জেতার ইঙ্গিত দেয় লঙ্কানরা। তবে লড়াকু বাংলাদেশ এরপরই যেন নিজেদের সেরা ছন্দে আবির্ভূত হয়। শেষ তিন সেট ২৫-২৩, ২৫-২১ ও ১৫-১২ ব্যবধানে জিতে জয়ের আনন্দে মাঠ ছাড়ে বাংলাদেশ। পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়াতে আত্মবিশ্বাস আরও সুদৃঢ় হয়েছে বাংলাদেশের।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত কণ্ঠে পাকিস্তান থেকে মোবাইল ফোনে তরুণ ভলিবল খেলোয়াড় লিবারু রিসালাত আল রিফাত জানান, ম্যাচের শুরুতে আমরা পিছিয়ে পড়েছিলাম। তবে পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাসে আমাদের এতটুকু চিড় ধরেনি।আমরা জানতাম ম্যাচ জেতার মতো সামর্থ্য আমাদের আছে। সেটাই করে দেখিয়েছি।
সেমিফাইনালে উজবেকিস্তানকে পাওয়া প্রসঙ্গে রিসালাত বলেন, উজবেকিস্তান অত্যন্ত ভালো দল। ওদের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে আমরা খেলেছি। সেখানে প্রতিদ্বন্দ্বিতা হলেও জয় পেয়েছি। ইনশাআল্লাহ আগামীকালও (আজ) আমরা জিতব এবং ফাইনালে পা রাখব।
সময়ের আলো/প্রিন্ট/জেডি