উত্তপ্ত লোকসভা, ভারতে প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে সংসদে বিতর্ক আজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির বিধান রেখে আনা 'পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) (সংশোধনী) বিল,

2026-07-28T08:51:23+00:00
2026-07-28T08:51:23+00:00
 
  মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
উত্তপ্ত লোকসভা, ভারতে প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে সংসদে বিতর্ক আজ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:৫১ এএম 
ভারতের লোকসভা। ছবি : হিন্দুস্তান টাইমস
ভারতে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির বিধান রেখে আনা 'পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) (সংশোধনী) বিল, ২০২৬' মঙ্গলবার (২৮ জুলাই) লোকসভায় বিস্তারিত আলোচনার জন্য উত্থাপিত হচ্ছে। গত কয়েকদিন ধরে ছাত্র আন্দোলন, পুলিশি সহিংসতার অভিযোগ এবং সরকারের বিরুদ্ধে বিরোধীদের টানা বিক্ষোভের মধ্যেই বিলটি নিয়ে সংসদে তুমুল বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে। 

সোমবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং লোকসভায় বিলটি উপস্থাপন করেন। তবে বিরোধী সদস্যদের লাগাতার স্লোগান ও বিক্ষোভের কারণে সরকার দু'দফা বিলটি নিয়ে এগোতে ব্যর্থ হয়। বিরোধীরা সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে হওয়া ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগে কেন্দ্রকে ঘিরে ধরে।

বিরোধীদের তীব্র প্রতিবাদ

২০ জুলাই প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দেশজুড়ে হওয়া ছাত্র আন্দোলনের সময় দিল্লিসহ বিভিন্ন রাজ্যে পুলিশি অভিযানের অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাব দাবি করে বিরোধী জোট। 

তাদের অভিযোগ, আন্দোলনকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে এবং দিল্লিতে পেলেট গান ব্যবহারের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। 

দিনভর অচলাবস্থার পর সন্ধ্যায় লোকসভার স্পিকার ওম বিড়লা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। পরে সিদ্ধান্ত হয়, মঙ্গলবার বিলটি নিয়ে ছয় ঘণ্টাব্যাপী বিস্তারিত আলোচনা হবে।

সংসদ সূত্রে জানা গেছে, স্পিকার বৈঠকে বলেন, দেশের কোটি কোটি শিক্ষার্থী ও প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতার সঙ্গে এই বিষয়টি জড়িত। তাই দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠে একটি অর্থবহ আলোচনা হওয়া প্রয়োজন।

ছয় ঘণ্টার বিতর্ক, ৯৩টি সংশোধনী

লোকসভার স্পিকার বিলটির ওপর আলোচনার জন্য ছয় ঘণ্টা সময় নির্ধারণ করেছেন। ইতোমধ্যে বিরোধী দলগুলো বিলটির ওপর ৯৩টি সংশোধনী প্রস্তাব জমা দিয়েছে। ফলে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে সংসদে উত্তপ্ত বিতর্কের আভাস মিলছে। 

সোমবার লোকসভা একাধিকবার মুলতবি হয়। বিকেল ৫টায় অধিবেশন শুরু হলে সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার ও বিরোধী— উভয় পক্ষই আলোচনার জন্য প্রস্তুত। কিন্তু বিরোধীদের আচরণে সংসদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। 

অন্যদিকে তেলুগু দেশম পার্টির সাংসদ কৃষ্ণ প্রসাদ তেন্নেতি বিরোধী সদস্যদের উদ্দেশে বলেন, দীর্ঘদিন ধরে এই বিলের অপেক্ষা করা হয়েছে। দেশের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়া জরুরি।


বিলে কী থাকছে

নতুন সংশোধনী বিলটি ২০২৪ সালের পাবলিক  পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যাক্ট-এ বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। ছাত্রদের আন্দোলনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া আশ্বাস অনুযায়ী এই সংশোধনী আনা হয়েছে বলে জানিয়েছে সরকার।

প্রস্তাবিত আইনে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় জালিয়াতি বা অন্য কোনো অসাধু উপায়ে জড়িত ব্যক্তির জন্য ন্যূনতম পাঁচ বছর থেকে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ লাখ রুপি জরিমানার বিধান রাখা হয়েছে। 

এছাড়া পরীক্ষা পরিচালনায় যুক্ত কোনো সংস্থা বা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ৫ কোটি রুপি পর্যন্ত জরিমানা, পরীক্ষা পরিচালনার সম্পূর্ণ ব্যয় আদায় এবং আট বছরের জন্য সরকারি পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত হওয়ার ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব রয়েছে।

বর্তমান আইনে একই অপরাধে তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ড, ১০ লাখ রুপি জরিমানা এবং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১ কোটি রুপি জরিমানা ও চার বছরের নিষেধাজ্ঞা রয়েছে।

নতুন বিলে আরও প্রস্তাব করা হয়েছে, অভিযোগপত্র দাখিলের তিন মাসের মধ্যে বিচার শেষ করতে হবে। এজন্য ফাস্ট-ট্র্যাক আদালত, বিশেষ তদন্তকারী টাস্কফোর্স, নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত এবং বিচার চলাকালে প্রতিদিন শুনানির ব্যবস্থাও রাখা হয়েছে।

সরকারের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ

রাজ্যসভায় বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, স্বাধীন ভারতের ইতিহাসে ছাত্রদের এভাবে মারধর ও টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার ঘটনা নজিরবিহীন। এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জবাবদিহি করতে হবে।

লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, ছাত্রদের বিরুদ্ধে অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করা হয়েছে এবং বহু শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে নয়, বরং তাদের ওপর হামলার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়েন বলেন, ছাত্র ও যুবসমাজকে হতাশ করা যাবে না। সংসদের ভেতরে ও বাইরে বিরোধীদের আন্দোলন অব্যাহত থাকবে।

অন্যদিকে দ্রাবিড় মুন্নেত্র কাঝগম (ডিএমকে)-এর সাংসদ তিরুচি শিবা প্রশ্ন তোলেন, বিদ্যমান আইন কার্যকরভাবে প্রয়োগ না করেই নতুন আইন আনার যৌক্তিকতা কী। তিনি দাবি করেন, নিট পরীক্ষার বর্তমান কাঠামো নিয়েও নতুন করে ভাবার সময় এসেছে।  

সরকারের পাল্টা অবস্থান

সরকারি জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সরকার ইতোমধ্যেই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দেওয়া হয়েছে এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। এরপরও বিরোধীরা সংসদের কার্যক্রম ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ শাসকদলের। 


সময়ের আলো/ইউএমএইচ


  বিষয়:   ভারত  লোকসভা  প্রশ্নপত্র ফাঁস  সংসদ 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: