সৌদি আরবের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরাকের দিক থেকে ছোড়া সব ড্রোনই সফলভাবে ভূপাতিত করা হয়েছে এবং কোনো গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষয়ক্ষতির সুযোগ হয়নি।
হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশ ও আগ্রাসনের জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। তার দাবি, সৌদির একাধিক তেল স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা পরিচালনা করেছে তাদের বাহিনী।
অন্যদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালকবিহীন উড়োজাহাজ ও ড্রোন পাঠানো হয়েছিল। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে সব ড্রোন ধ্বংস করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত স্থাপনা রক্ষার পূর্ণ অধিকার সৌদি আরবের রয়েছে। পাশাপাশি উপযুক্ত সময় ও পরিস্থিতিতে এ ধরনের হামলার জবাব দেওয়ার অধিকারও দেশটির রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে কাতার, কুয়েত, পাকিস্তান, সিরিয়া ও ওমান। ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সময়ের আলো/এমকে