জাপানের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একটি বহুতল শপিং মলের অংশবিশেষ ধসে পড়েছে। এতে ভবনের ভেতরে থাকা বেশ কয়েকজন মানুষ আটকা পড়েছেন। ভূমিকম্পে বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির পাশাপাশি আহত হয়েছেন অনেকে, যাদের মধ্যে অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৮।
ভূমিকম্পের পর উপকূলীয় এলাকাগুলোতে সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করা হয়। কয়েক ঘণ্টা পর পরিস্থিতি পর্যালোচনা করে সেই সতর্কতা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।
জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান দ্বীপ কিউশুর বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে এবং অনেক সড়কে ফাটল দেখা দিয়েছে। এখন পর্যন্ত অন্তত ১২টি বাড়ি ধসে পড়ার তথ্য পাওয়া গেছে।
দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। তিনি বলেন, কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, আগুন লাগার ঘটনা ঘটেছে এবং কয়েকটি ভবন, সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে কাশিমা শহরের একটি শপিং মলের দ্বিতীয় তলা ধসে পড়ায় সেখানে কয়েকজন আটকা পড়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে পুলিশ জানিয়েছিল, ওই শপিং মল থেকে বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে।
তখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: সিবিএস
সময়ের আলো/এমকে