ইনস্টাগ্রামে বিনোদনের নামে অন্যের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে ভিডিও প্রকাশের দিন শেষ হতে চলেছে। ব্যবহারকারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে এমন কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মেটা।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, কারও সম্মতি ছাড়া ধারণ করা বা হয়রানিমূলক উদ্দেশ্যে প্রকাশ করা ভিডিও পোস্ট করলে সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করা হতে পারে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি এক ভিডিও বার্তায় জানান, মানুষের অজান্তে তাদের প্রতিক্রিয়া ধারণ করে প্রকাশ করা বা কাউকে বিব্রত করার উদ্দেশ্যে তৈরি ভিডিও প্ল্যাটফর্মে অনুমোদন দেওয়া হবে না।
বিশেষ করে তথাকথিত ‘পিকআপ লাইন’ বা একই ধরনের কনটেন্ট, যেখানে কারও সম্মতি ছাড়া ভিডিও ধারণ করা হয়, সেগুলো দ্রুত সরিয়ে ফেলা হবে।
সম্প্রতি অনেক কনটেন্ট নির্মাতা মেটার স্মার্ট চশমা ও অন্যান্য পরিধানযোগ্য ক্যামেরা ব্যবহার করে পথচারী, সেবাকর্মী এবং সাধারণ মানুষের অজান্তে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করছেন।
এ ধরনের কনটেন্ট নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হওয়ায় মেটার পণ্যের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিজনেস ইনসাইডারের তথ্য অনুযায়ী, নারীদের অজান্তে নিয়মিত ভিডিও ধারণ ও প্রকাশের অভিযোগে ইতোমধ্যে দুটি আলোচিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে মেটা। প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে, স্মার্ট চশমায় ধারণ করা হয়রানিমূলক ভিডিও প্রকাশের কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া স্মার্ট চশমার অপব্যবহার ঠেকাতে নতুন সফটওয়্যার আপডেট চালু করেছে মেটা। নতুন ব্যবস্থায় ভিডিও ধারণের সময় ক্যামেরার এলইডি নির্দেশক আলো বন্ধ বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। এর মাধ্যমে গোপনে ভিডিও ধারণের সুযোগ আরও সীমিত হবে।
সময়ের আলো/এমকে