ইতিহাস গড়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত সেমিফাইনালে উজবেকিস্তানকে ৩-০ সেটে হারিয়ে শিরোপার মঞ্চে ওঠে হরষিত বিশ্বাসের

2026-07-29T04:38:42+00:00
2026-07-29T04:39:35+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
খেলা
ইতিহাস গড়ে ফাইনালে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:৩৮ এএম  আপডেট: ২৯.০৭.২০২৬ ৪:৩৯ এএম
কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সংগৃহীত ছবি
কাভা ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত সেমিফাইনালে উজবেকিস্তানকে ৩-০ সেটে হারিয়ে শিরোপার মঞ্চে ওঠে হরষিত বিশ্বাসের দল। শেষ চারে উজবেকিস্তান কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি। আজ একই ভেন্যুতে বিকাল সাড়ে ৪টায় ফাইনাল অনুষ্ঠিত হবে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। 

এই টুর্নামেন্টে আগেও দুবার ফাইনাল খেলার ইতিহাস রয়েছে লাল-সবুজদের। তাতে একবার চ্যাম্পিয়ন ও একবার রানার্স আপের কীর্তি গড়ে বাংলাদেশ। তবে সেবার ইতিহাস ঘরের মাঠে। এবারই প্রথম দেশের বাইরে আন্তর্জাতিক বড় আসরে ফাইনালে ওঠার ইতিহাস গড়ল দল। এবার লক্ষ্য শিরোপা জিতে দেশে ফেরার।

৬ দেশের অংশগ্রহণে এবারের আসর অনুষ্ঠিত হচ্ছে। তাতে সেরা দুদলই উঠে এসেছে ফাইনালে। আসরের সবচেয়ে শক্তিশালী দল পাকিস্তান। এ ছাড়া কাজাখস্তান, শ্রীলঙ্কা, নেপালও ভালো দল। রাউন্ড রবিন লিগে অর্থাৎ টুর্নামেন্টের প্রথম পর্বে পাকিস্তানের মুখোমুখি হয়ে সেখানে ৩-০ সেটে পরাজিত হলেও বাকি ৪ ম্যাচের সবকটিতে জেতে বাংলাদেশ। এরপর উঠে আসে সেমিফাইনালে। সেখানেও বাজিমাত করেছে হরষিত, তানভীর, রিসালাতরা। 

ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা হয় অধিনায়ক হরষিত বিশ্বাসের সঙ্গে। পাকিস্তান থেকে মোবাইল ফোনে সময়ের আলোকে তিনি জানান, নিঃসন্দেহে পাকিস্তান শক্তিশালী দল। ওদের বিপক্ষে আমরা গ্রুপপর্বেও হেরেছি। তবে টুর্নামেন্টে আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল ফাইনালে ওঠা, সেটা আমরা করে দেখিয়েছি। এখন ফাইনালে আমরা নির্ভার হয়ে খেলব। এর কারণও আছে। র‌্যাঙ্কিং থেকে শক্তি-সামর্থ্য সব দিক থেকে এগিয়ে পাকিস্তান। এমন দলের বিপক্ষে জিতে যাব এটা আসলে জোর দিয়ে বলা ঠিক হবে না। তবে আমরা জেতার সর্বোচ্চ চেষ্টা করব।

কাভা কাপ ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরুর আগে বাংলাদেশের র‍্যাংকিং খুব একটা ভালো ছিল না। ১০০-এর ওপরে ছিল দল। সেখান থেকে সেমিফাইনালসহ টানা ৪ ম্যাচ সর্বমোট এই টুর্নামেন্টে ৫ ম্যাচ জেতায় র‍্যাংকিং এখন ৭৫ নম্বরে এসে দাঁড়িয়েছে। ফাইনালে জিতলে আরও উন্নতি হবে বাংলাদেশের। তখন আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুবিধা পাবে দল। 

এ প্রসঙ্গে হরষিত বলেন, পাকিস্তান যে জোনে খেলে সেখানে সব বড় দলগুলো অংশ নেয়। বিশ্বজয়ীরা খেলে। আর আমরা এখনও কাভার বাইরে নিজেদের নিয়ে যেতে পারিনি। যার কারণে পাকিস্তানের চেয়ে আমরা কিছুটা হলেও পিছিয়ে রয়েছি। ফাইনালে পাকিস্তানকে হারাতে পারলে এই বৈষম্য অনেকটাই দূর হবে।


কাভা কাপা টানা ম্যাচ খেলছে বাংলাদেশ। তারপরও দলে ক্লান্তি নেই। সবার একটাই লক্ষ্য দলের জন্য ভালো কিছু করা। পাকিস্তান থেকে গতকাল এমনটাই জানান বাংলাদেশের অধিনায়ক। এদিকে সেমিফাইনালজয়ী দলকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক তারকা খেলোয়াড় সোহেল রানা লিঙ্কন। 

তিনি বলেন, আমাদের ছেলেরা বেশ ভালো খেলছে। ফাইনালে ওঠার মধ্য দিয়ে ইতিহাস গড়েছে। দেশের বাইরে ভলিবল থেকে আগে কোনো সাফল্য আসেনি। সেই আক্ষেপ এবার ঘুচেছে। দলের ভালো পারফরম্যান্স করার পেছনে রহস্যটাও জানিয়েছেন সোহেল। 

তিনি বলেন, আমরা কিন্তু এখন সরকারি ভাতা পাই। আমাদের ১৪ জন ছেলে এবং ১৪ জন মেয়ে খেলোয়াড় ক্রীড়া ভাতার সঙ্গে যুক্ত আছে। ভালো রেজাল্টের পেছনে সরকারের এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সরাসরি সম্পৃক্ততা রয়েছে। সরকার ক্রীড়া ভাতা চালু না করলে খেলোয়াড়দের মধ্যে এত প্রেষণা তৈরি হতো না। এই টুর্নামেন্ট শুরুর আগে আমরা মাত্র অল্প সময়ের ট্রেনিংয়ে সুবিধা পেয়েছি। তবে যা পেয়েছি, যতটুকু পেয়েছি সবকিছুর জন্য ভলিবল ফেডারেশন এবং ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 


  বিষয়:   ইতিহাস  গড়ে  ফাইনাল  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: