আজই ওয়ানডে দলের নেতৃত্ব পাচ্ছেন লিটন!

ক্রীড়া প্রতিবেদক

খেলা

বাংলাদেশ ক্রিকেটে আবারও আসছে নেতৃত্বে বড় পরিবর্তন। তিন সংস্করণের জন্য আলাদা তিন অধিনায়কের পরীক্ষামূলক নীতি থেকে সরে এসে এবার লাল

2026-07-29T04:41:56+00:00
2026-07-29T04:41:56+00:00
 
  বুধবার, ২৯ জুলাই ২০২৬,
১৪ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২৯ জুলাই ২০২৬
খেলা
আজই ওয়ানডে দলের নেতৃত্ব পাচ্ছেন লিটন!
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:৪১ এএম 
ওয়ানডে দলের নেতৃত্ব পেতে যাচ্ছেন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেটে আবারও আসছে নেতৃত্বে বড় পরিবর্তন। তিন সংস্করণের জন্য আলাদা তিন অধিনায়কের পরীক্ষামূলক নীতি থেকে সরে এসে এবার লাল বল ও সাদা বলের জন্য দুই অধিনায়কের মডেলে ফিরতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ওয়ানডে দলের নেতৃত্ব পেতে যাচ্ছেন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। আর টেস্ট দলের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত।

বিসিবি সূত্রে জানা গেছে, আজ বুধবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা হবে। পরিচালকদের অনুমোদন মিললে ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের জায়গায় দায়িত্ব নেবেন লিটন। ফলে বাংলাদেশের সাদা বলের দুই সংস্করণ, ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্ব থাকবে লিটনের হাতে। অন্যদিকে লাল বলের ক্রিকেটে টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবেন শান্ত।

এদিকে টি-টোয়েন্টিতে লিটনের সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়কে ওয়ানডেতেও একই দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে বোর্ড। ভবিষ্যতের নেতৃত্বের জন্য হৃদয়কে প্রস্তুত করতেই এমন ভাবনা বিসিবির। সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন তিনি। প্রথম ম্যাচে হারলেও তার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ।

বোর্ড সূত্রে জানা গেছে, শুরুতে ওয়ানডে নেতৃত্ব আবারও শান্তকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনায় ছিল। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলানো হয়। বিসিবির ধারণা, টেস্ট দল নিয়েই শান্তর পুরো মনোযোগ থাকা উচিত। অন্যদিকে লিটন সাদা বলের ক্রিকেটারদের নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন।

২০২৫ সালের ১২ জুন নাজমুল হোসেন শান্তর পরিবর্তে ওয়ানডে অধিনায়ক করা হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। চলতি বছরের এপ্রিলে তার মেয়াদ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু নেতৃত্বে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। বিশেষ করে দেশের বাইরে তার অধীনে ১৩টি ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে মাত্র দুটি ম্যাচ।


মিরাজকে ওয়ানডে অধিনায়ক করার মধ্য দিয়েই তিন সংস্করণে তিন ভিন্ন অধিনায়কের মডেলে ফিরেছিল বাংলাদেশ। তখন টেস্টে নেতৃত্ব দেন শান্ত, ওয়ানডেতে মিরাজ এবং টি-টোয়েন্টিতে লিটন।

এর আগে শান্ত সব সংস্করণের অধিনায়ক থাকলেও টি-টোয়েন্টির দায়িত্ব ছেড়ে দিলে লিটনের হাতে সেই নেতৃত্ব তুলে দেয় বিসিবি। পরে ওয়ানডের নেতৃত্বও শান্তর কাছ থেকে নিয়ে দেওয়া হয় মিরাজকে। সেই পরীক্ষামূলক তিন অধিনায়কের অধ্যায় এবার শেষ হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেটে অবশ্য তিন অধিনায়কের মডেল নতুন নয়। ২০২২ সালেও টেস্টে সাকিব আল হাসান, ওয়ানডেতে তামিম ইকবাল এবং টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ নেতৃত্ব দিয়েছিলেন। এবার আবারও সেই পথ থেকে সরে এসে দুই অধিনায়কের কাঠামোয় ফেরার প্রস্তুতি নিচ্ছে বিসিবি।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 


  বিষয়:   ওয়ানড  দল  নেতৃত্ব  লিটন 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: