শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনা ও স্পেনের ৫ খেলোয়াড়-কর্মকর্তা

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (আর্জেন্টিনার ভাষায় মালভিনাস) নিয়ে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনালের পর মাঠে সংঘর্ষের ঘটনায়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ)

2026-07-30T12:28:33+00:00
2026-07-30T12:28:33+00:00
 
  বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,
১৫ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
খেলা
শাস্তি পাচ্ছেন আর্জেন্টিনা ও স্পেনের ৫ খেলোয়াড়-কর্মকর্তা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১২:২৮ পিএম 
আর্জেন্টিনা ও স্পেনের পাঁচ খেলোয়াড়-কর্মকর্তার বিরুদ্ধেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ছবি : সংগৃহীত
বিশ্বকাপে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (আর্জেন্টিনার ভাষায় মালভিনাস) নিয়ে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনালের পর মাঠে সংঘর্ষের ঘটনায়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে আর্জেন্টিনা ও স্পেনের পাঁচ খেলোয়াড়-কর্মকর্তার বিরুদ্ধেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হয়েছে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল জয়ের পর উদযাপনের সময় আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ‘Las Malvinas son Argentinas’ (মালভিনাস আর্জেন্টিনার) লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে আর্জেন্টিনার দীর্ঘদিনের দাবির প্রতীক হিসেবে ব্যানারটি প্রদর্শিত হয়।

ফিফার শৃঙ্খলা বিধির ১৩ নম্বর অনুচ্ছেদের ২(গ) ধারায় খেলাধুলার কোনো আসরকে রাজনৈতিক বা অ-ক্রীড়াসংক্রান্ত বার্তা প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ কারণেই ব্যানার প্রদর্শনের ঘটনাটি তদন্তের আওতায় এসেছে।

ফকল্যান্ড বা মালভিনাস দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার বিরোধ কয়েক দশকের পুরোনো। ১৯৮২ সালে এ বিরোধকে কেন্দ্র করে ৭৪ দিনের যুদ্ধে ৯০০ জনের বেশি মানুষ নিহত হন। নিহতদের মধ্যে ৬৪৯ জন ছিলেন আর্জেন্টিনার এবং ২৫৫ জন যুক্তরাজ্যের।

ঘটনাটি রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয় থেকে বলা হয়, ‘বিশ্বকাপ হয়ত আমাদের নয়, কিন্তু ফকল্যান্ড দ্বীপপুঞ্জ অবশ্যই আমাদের।’ অন্যদিকে হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের প্রধান অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, যুক্তরাষ্ট্র বাকস্বাধীনতায় বিশ্বাস করে এবং আর্জেন্টিনার খেলোয়াড়দের অবস্থানকে সে দৃষ্টিকোণ থেকেই দেখা উচিত।


এ ধরনের ঘটনার নজিরও রয়েছে। ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে একই ধরনের ব্যানার প্রদর্শনের দায়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা।

তবে এবার তদন্ত শুধু ব্যানার প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়। ফিফার অভিযোগপত্রে এএফএর বিরুদ্ধে বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, নির্ধারিত সময়ের পরে ম্যাচ শুরু, নিরাপত্তা ও ম্যাচ-সংক্রান্ত প্রোটোকল লঙ্ঘন, অনুপযুক্ত বার্তা প্রদর্শন এবং দর্শকদের বস্তু নিক্ষেপের মতো অভিযোগও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের পর মাঠে ঘটে যাওয়া সংঘর্ষ নিয়েও তদন্ত করছে ফিফা। অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে স্পেনের খেলোয়াড়রা শিরোপা উদ্‌যাপন শুরু করলে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এই ঘটনার জেরে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে তিনটি হামলার অভিযোগ আনা হয়েছে। ডিফেন্ডার নাহুয়েল মোলিনার বিরুদ্ধে দুটি হামলার অভিযোগের পাশাপাশি অসৌজন্যমূলক আচরণের অভিযোগও রয়েছে।

এ ছাড়া আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা হামলার অভিযোগে এবং বদলি বেঞ্চে থাকা থিয়াগো আলমাদা অসৌজন্যমূলক আচরণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। স্পেনের মিডফিল্ডার গাভির বিরুদ্ধেও একই ধরনের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনেছে ফিফা।

ফিফা জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছে। তাদের জবাব পর্যালোচনার পর শৃঙ্খলা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   শাস্তি  আর্জেন্টিনা  স্পেন  খেলোয়াড়  কর্মকর্তা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: