বাঁশখালীতে মাছের ঘের দখল নিয়ে দুপক্ষের গোলাগুলিতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুলাই) দিবাগত রাত ২টায় উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল গ্রামের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জিল্লুর রহমান (৩০)। তাকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গুলিবিদ্ধ আরও দুজন গুরুতর আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম সরল গ্রামে মাছের প্রজেক্টের ভাগাভাগি ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার গভীর রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধ হন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ এবং বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
সময়ের আলো/জোই