বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে মো. পিয়ার আলী গাজীর মরদেহ দীর্ঘ ৩৫ ঘন্টা পর সীমান্তের ইছামতি নদী থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে ভারত বাংলাদেশ সীমান্তের ইছামতি নদীর খারহাট এলাকা থেকে স্থানীয় জেলেরা তার মরদেহ উদ্ধার করেন। এর আগে ৩০ জুলাই দুপুর ২টার দিকে সীমান্তের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি।
পিয়ার আলী গাজী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে সীমান্তের কালিন্দী নদীতে যান পিয়ার আলী। নির্ধারিত সময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে নদীর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দারাও অনুসন্ধানে যোগ দেন। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নদীর সম্ভাব্য সব এলাকায় তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি।
শুক্রবার সকাল থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, ডুবুরি দল এবং স্থানীয় শতাধিক মানুষ নদী ও আশপাশের এলাকায় দিনব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করেন। কিন্তু সারাদিনের চেষ্টার পরও তার খোঁজ মেলেনি।
অবশেষে শুক্রবার রাত প্রায় ১১টার দিকে সীমান্তের আরেক নদী ইছামতির খারহাট এলাকায় মাছ ধরার সময় একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় এক জেলে। বিষয়টি তিনি পিয়ার আলী গাজীর ছেলে আব্দুস সবুরকে জানালে তিনি সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার ও শনাক্ত করেন।
এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, কোন অভিযোগ না থাকায় মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটা অপমৃত্যু মামলার হয়েছে।
সময়ের আলো/আতা