জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগই বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি রচনা করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, শহিদদের রক্তের ঋণ কখনো শোধ করা সম্ভব নয়; তবে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারলেই সেই আত্মত্যাগের প্রকৃত সম্মান জানানো হবে।
শনিবার (১ আগস্ট) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
প্রতিমন্ত্রী বলেন, জুলাইয়ের শহিদরা কোনো ব্যক্তি বা দলের স্বার্থে জীবন উৎসর্গ করেননি। তারা একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আত্মত্যাগ করেছেন। তাই তাদের আদর্শ ধারণ করে মানবিক, সুশাসনভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হবে জাতির দায়িত্ব।
তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের চেতনা গড়ে তোলে। জুলাই শহিদদের স্মরণে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে মুক্তির সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস জানতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে সহায়তা করবে।
উদ্বোধনী ম্যাচে মোকামতলা উপজেলা একাদশ ও শিবগঞ্জ উপজেলা একাদশ ২-২ গোলে ড্র করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচ উপভোগ করতে মাঠে কয়েক হাজার দর্শকের উপস্থিতি ছিল। আয়োজকরা জানান, দুই দলের মধ্যকার ফাইনাল ম্যাচ রোববার (২ আগস্ট) বিকেল ৫টায় একই মাঠে অনুষ্ঠিত হবে।
এর আগে বিকেলে শিবগঞ্জে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যার দায়িত্বও নাগরিকদের নিতে হবে।
তিনি জানান, সবুজায়ন বৃদ্ধি, বনভূমি সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার জাতীয় পর্যায়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা রয়েছে।
সময়ের আলো/এসএকে