৫ অঞ্চলে বিদেশি মিশন বন্ধের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

বিশ্বের বিভিন্ন দেশে থাকা নিজেদের কূটনৈতিক উপস্থিতি পুনর্বিন্যাসের অংশ হিসেবে পাঁচটি বৈদেশিক মিশন বন্ধ করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে

2026-08-04T18:44:11+00:00
2026-08-04T18:44:11+00:00
 
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
৫ অঞ্চলে বিদেশি মিশন বন্ধের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:৪৪ পিএম 
ছবি : সংগৃহীত
বিশ্বের বিভিন্ন দেশে থাকা নিজেদের কূটনৈতিক উপস্থিতি পুনর্বিন্যাসের অংশ হিসেবে পাঁচটি বৈদেশিক মিশন বন্ধ করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইতোমধ্যে দেশটির কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।

সোমবার (৩ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহের শেষ দিকে কংগ্রেসের কয়েকটি কমিটির কাছে পাঠানো চিঠিতে গ্রানাডার সেন্ট জর্জেস, জাপানের নাগোয়া, ইন্দোনেশিয়ার মেদান, ক্যামেরুনের ডুয়ালা এবং কানাডার উইনিপেগে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশন বন্ধের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। 

এর আগে গত বছরের শুরুতেও এক ডজনের বেশি বিদেশি মিশন বন্ধের উদ্যোগ নিয়েছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। সে সময় রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছিল, সরকারি ব্যয় কমানো এবং আমলাতান্ত্রিক কাঠামো পুনর্গঠনের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়।

প্রতিবেদনে আরও উঠে এসেছে, হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) প্রায় ৩০টি বিদেশি মিশন বন্ধের একটি উচ্চাভিলাষী পরিকল্পনার পক্ষে মত দিয়েছিল। প্রশাসনের কিছু কর্মকর্তার মতে, ছোট আকারের কয়েকটি বিদেশি মিশনের কার্যকারিতা সীমিত এবং সেগুলো পরিচালনায় ব্যয় তুলনামূলক বেশি।

তবে এ পরিকল্পনা নিয়ে সমালোচনাও রয়েছে। ডেমোক্র্যাট নেতা এবং সাবেক কয়েকজন পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কর্মকর্তা মনে করেন, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতি সংকুচিত হলে বৈশ্বিক প্রভাব কমে যেতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা সংস্থা ইউএসএআইডির কার্যক্রম গুটিয়ে নেওয়ার ফলে চীন ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে।

গত বছর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় ধরনের প্রশাসনিক সংস্কার কার্যক্রম পরিচালিত হয়। এর আওতায় কয়েক ডজন দপ্তর পুনর্গঠন এবং শত শত কর্মী ছাঁটাই করা হলেও সে সময় কোনো বিদেশি কূটনৈতিক মিশন বন্ধ করা হয়নি।


এদিকে রোববার এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতিকে আরও দক্ষ ও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে। তবে পাঁচটি মিশন বন্ধের পরিকল্পনার বিষয়টি সরাসরি নিশ্চিত করেনি। একই সঙ্গে কংগ্রেসকে প্রয়োজনীয় নোটিশ দেওয়ার প্রক্রিয়া অনুসরণের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে।

রয়টার্সের প্রতিবেদনের তথ্যমতে, বন্ধের তালিকায় থাকা সেন্ট জর্জেস একটি পূর্ণাঙ্গ দূতাবাস। আর মেদান, নাগোয়া ও উইনিপেগে রয়েছে মার্কিন কনস্যুলেট। ক্যামেরুনের ডুয়ালায় অবস্থিত কেন্দ্রটি একটি দূতাবাসের শাখা কার্যালয়। এসব কনস্যুলেট ও শাখা কার্যালয় সাধারণত রাজধানীর বাইরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও কনস্যুলার কার্যক্রম পরিচালনা করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কয়েকটি নতুন মার্কিন কূটনৈতিক মিশন চালু করা হয়েছিল, যেখানে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিযোগিতা ক্রমেই তীব্র হচ্ছে। বর্তমানে ডুয়ালা ও উইনিপেগে চীনের কোনো সক্রিয় কূটনৈতিক মিশন না থাকলেও সেন্ট জর্জেস, নাগোয়া এবং মেদানে তাদের কূটনৈতিক উপস্থিতি রয়েছে।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   অঞ্চল  বিদেশি মিশন  যুক্তরাষ্ট্র  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: